ঢাকা শহরের যানজট, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যে কেউ কোনো আশার কথা শোনাতে পারছেন না। ঢাকার পরিবহনব্যবস্থায় বিরাজ করছে চরম বিশৃঙ্খলা। নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ না থাকলেও যাদের এসব দেখার কথা, তারা কার্যত এ ব্যাপারে অসহায়। এসব নিয়ে কারও মাথাব্যথা আছে বলে মনে হচ্ছে না, জবাবদিহি করারও কেউ নেই। তাহলে সামনের দিনগুলোতে ঢাকার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে?
আয়তন ও জনসংখ্যার বিবেচনায় ঢাকার জনঘনত্ব বিশ্বের শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ২০১২ সালের হিসাব অনুযায়ী, টোকিওর মতো শহরে জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে যেখানে ৪ হাজার ৩০০, ম্যানিলায় সেখানে ১৫ হাজার ৪০০, মুম্বাইতে ৩০ হাজার ৯০০, ঢাকায় সেখানে ৪৪ হাজার ৪০০ জন। এমন একটি শহরের কার্যকর পরিবহনব্যবস্থা গড়ে তোলার জন্য যে পরিকল্পনা প্রয়োজন, তার ধারেকাছেও যাইনি আমরা। দূরদৃষ্টির অভাব, পরিকল্পনাহীনতা ও সমন্বয়হীনতার ফলে পরিস্থিতি আজ এমন অসহনীয় জায়গায় গিয়ে ঠেকেছে।
কিছু ফ্লাইওভার, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি), মেট্রোরেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেসব প্রকল্পের কাজ শুরু হয়েছে বা হবে, সেগুলোও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। যেসব প্রকল্প নেওয়ার কথা ছিল আরও বছর বিশেক আগে, সেগুলো হাতে নেওয়া হয়েছে এখন। ফলে এগুলো যখন শেষ হবে, তখন জন চলাচলের চাপও এই মাত্রায় বাড়বে যে পরিস্থিতি সহনীয় হওয়ার সুযোগ কম। আর সমন্বয়হীনভাবে এসব প্রকল্প নেওয়ায় ও অনেক ক্ষেত্রে একটি অন্যটির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সুফল পাওয়ার সম্ভাবনাও কম।
জনবহুল নগরগুলো কার্যকর পরিবহনব্যবস্থার মাধ্যমে এসব সমস্যার সমাধান করেছে এবং অনেক পরীক্ষিত মডেল ও উদাহরণ থাকার পরও ঢাকার ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঢাকাকে দেখভালের জন্য একক ও শক্তিশালী কর্তৃপক্ষ না থাকায় সমন্বিত কোনো পরিকল্পনা নেওয়া যায়নি। ‘উন্নয়নের’ নামে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও টেকসই কিছু হয়নি। ঢাকাকে বাঁচাতে হলে এসব বিষয় নিয়ে এখনই চিন্তাভাবনা শুরু করতে হবে।