কারওয়ান বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে দিবসের সন্ধ্যায় শ্রমিকেরা যখন বাইরে, তখন আগুনে পুড়ে গেল কারওয়ান বাজারের হাসিনা মার্কেট। কয়েক কোটি টাকার ক্ষতির ধকল এখন দোকানমালিকদের কাঁধে। অনেক শ্রমিক হয়ে পড়লেন বেকার। এই ঘটনা বাজারটির নাজুক অবকাঠামো এবং অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকার দিকে আবারও নজর কাড়ল।
এক সন্ধিক্ষণ পার করছে রাজধানীর বৃহত্তম নিত্যব্যবহার্য ও খাদ্যসামগ্রীর পাইকারি বিক্রয়কেন্দ্র কারওয়ান বাজার। সিটি করপোরেশন এই ব্যবসাকেন্দ্রকে মহাখালীতে স্থানান্তর করতে চায়। ব্যবসায়ীদের বড় অংশই কারওয়ান বাজার ছাড়তে নারাজ বলে গণমাধ্যমে খবর এসেছে। এর মধ্যে বছরের প্রথম কালবৈশাখীর পরপরই আগুন লাগল কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে। শতাধিক দোকানের সব মালামাল পুড়ে গেছে। সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটির জন্য ব্যাংক বন্ধ ছিল, এ কারণে অনেকে দোকানেই টাকা রেখে দিতে বাধ্য হন। তদন্তের পরই প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এ ঘটনা শিক্ষা দেয়, ইট-কাঠ-বাঁশ-টিনের বাজার আগুন ও ঝড়ের সামনে কতটা অনিরাপদ। বাস্তব কারণেই রাজধানীর কেন্দ্রে এ ধরনের বাজার রাখা কারও জন্যই মঙ্গলজনক নয়। সরকার ও সিটি করপোরেশনের উচিত যৌথভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত হতে সাহায্য করা। মহাখালীতে নির্মিত মার্কেটে তাঁদের স্বল্পমূল্যে দোকান বরাদ্দ দেওয়ার কথাও ভাবা যায়। তার আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখানেই বা অন্য জায়গায় ব্যবসা চালু রাখার সুযোগ দিতে হবে।
ব্যবসায়ীদের কারও কারও অভিযোগ, এই আগুন কারওয়ান বাজার উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ। অভিযোগটি তদন্ত কমিটির আমলে নেওয়া উচিত। পাশাপাশি, রাজধানীর বড় বড় বিপণিকেন্দ্রের অগ্নিনিরাপত্তা–ব্যবস্থা যথাযথ ও কার্যকর আছে কি না, সে বিষয়ে তৎপরতা চালানো দরকার। এ রকম ঘটনার পুনরাবৃত্তি মানবিক ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই প্রতিরোধ করা জরুরি।