কারখানাগুলোকে কোনোভাবেই ছাড় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প উন্নয়নের কারণে দেশজুড়ে একের পর এক শিল্পাঞ্চল গড়ে উঠেছে। বহু কলকারখানা নিয়ে একেকটা শিল্পনগরী। কিন্তু সেসব কলকারখানা পরিবেশের ওপর কতটা প্রভাব ফেলছে, সেটি নিয়ে কারও মাথাব্যথা নেই। শিল্পকারখানার বর্জ্যে এ দেশের নদী, খাল, বিল সবই ভয়াবহভাবে দূষিত হচ্ছে।

এ নিয়ে আইন থাকলেও সেগুলো মানা বা প্রয়োগের কোনো বালাই নেই। যার কারণে আমরা রাসায়নিক বর্জ্যে হাওর এলাকাও দূষিত হতে দেখছি। মৌলভীবাজারে সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নে এ ঘটনা ঘটছে। সেখানে বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানার রাসায়নিকমিশ্রিত তরল বর্জ্য গিয়ে মিশছে পাশের হাওরে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রতিনিধিদল এলাকাটি পরিদর্শনে গিয়ে এর সত্যতা পায়।

শিল্পকারখানাগুলোতে বর্জ্য শোধনাগার বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন ও নিয়মিত চালু রাখা বাধ্যতামূলক। কিন্তু অনেক কারখানা ইটিপি সার্বক্ষণিক চালু না রাখার কারণে বর্জ্য সরাসরি পরিবেশের সঙ্গে মিশে যায়। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বিষয়টা জানলেও কঠোর কোনো ব্যবস্থা নেয় না। নামকাওয়াস্তে জরিমানা করে দায় সারে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মৌলভীবাজারে বিসিক নগরীর কারখানাগুলোতে সার্বক্ষণিক ইটিপি চালু থাকার দাবি করা হলেও স্থানীয়রা দূষিত পানির অভিযোগ করে থাকেন। বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষ জানাচ্ছে, বেশির ভাগ সময়েই ইটিপি চালু থাকে। তবে সব সময় পর্যবেক্ষণ করা হয় না। পরিবেশ অধিদপ্তর কার্যালয় জানাচ্ছে, বিসিকের ইটিপি প্রয়োজন পাঁচটি কারখানায়, তার মধ্যে চারটিতে ইটিপি আছে। সেগুলোও সব সময় ইটিপি চালু থাকে না।

১৯৮৭ সালে ১৫ একর জমিতে বিসিক শিল্পনগরীটি চালু হয়। দীর্ঘদিন ধরে সেখানকার রাসায়নিকমিশ্রিত বর্জ্যে মাটিদূষণের কারণে ধানের ফলন কমে গেছে। পানিদূষণের কারণে মাছ কমে গেছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা কৃষিকাজ ছেড়ে দিয়েছেন। এমনকি দূষিত পানি পান করে গরু-বাছুর মারা যাওয়ার অভিযোগও উঠেছে। দূষিত পানির কারণে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষ।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করলেও কোনো লাভ হয়নি। আমরা দেখতে পাচ্ছি, কারখানার ইটিপি সার্বক্ষণিক চালু না রাখা, রাসায়নিক বর্জ্য হাওরে মিশে যাওয়া, পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়া ও জনজীবন বিপর্যস্ত হওয়ার বিষয়গুলো শিল্পনগরী কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসন অবগত আছে।

কিন্তু দীর্ঘদিনেও কোনো সমাধান মেলেনি। যেন কারও কিছু করার নেই, কারও কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিও নেই। এভাবেই কি সেখানে পরিবেশ দূষণ ও জনজীবন বিপর্যস্ত হতে থাকবে?