নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেনিখালী ও আষাঢ়িয়ারচর নদ বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়ার যে খবর বেরিয়েছে, তা সত্যিই উদ্বেগজনক।
সোমবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, কয়েক বছর ধরে মেঘনা ঘাট শিল্পনগরী এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকার চৈতি কম্পোজিট নামে কারখানার বিষাক্ত বর্জ্যে দুটি নদই দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে নদ দুটির পাশ দিয়ে চলাচল করাও কষ্টকর। প্রায় প্রতিদিন নদ দুটি থেকে মাছ মরে ভেসে উঠছে। পানি দূষিত হওয়ায় দুই নদের পারের গ্রামগুলোর মানুষ গৃহস্থালির কাজে পানি ব্যবহার করতে পারছেন না। অনেকে নদের পানি ব্যবহার করে চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। গ্রামগুলোর কৃষকেরা কয়েক বছর ধরে নদের পানি দিয়ে বোরো ধানের জমিতে সেচ দিতে পারছেন না।
দুটি নদের দূষণ বন্ধের দাবিতে আশপাশের গ্রামগুলোর বাসিন্দারা বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু কোনো ফল মেলেনি। জনগণের সুবিধা-অসুবিধা বা পরিবেশ নিয়ে উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের কোনো মাথাব্যথা নেই। থাকলে তো বহু আগেই নদদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। বিষয়টি খুবই দুঃখজনক।
শুধু এ দুটি নদই নয়। সারা দেশের আরও বহু নদ-নদী এ রকম কলকারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়ছে। ঢাকার আশপাশের চার নদ-নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ দূষণের শিকার হওয়ার পাশাপাশি অব্যাহতভাবে দখলের শিকার হচ্ছে। কলকারখানার রাসায়নিক দ্রব্য ও বর্জ্যে এসব নদীর পানি দূষিত হয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে। একইভাবে ব্রহ্মপুত্র, রূপসা, ভৈরব, ময়ূরসহ অনেক নদ-নদী দূষণের শিকার হয়ে ধ্বংসের পথে। জনস্বাস্থ্য ও পরিবেশের ওপরও পড়েছে নদ-নদীদূষণের প্রভাব। এসব নদ-নদী বাঁচাতে অবিলম্বে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। যেসব কলকারখানা নদ-নদী দূষণের জন্য দায়ী, সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। পরিবেশ রক্ষায় নদ-নদী দূষণ ও দখলমুক্ত রাখার বিকল্প নেই।