কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১৯ জন ও গাজীপুরে ফ্যান কারখানায় আগুন লেগে ১০ জনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এ ধরনের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলা যাবে না। দুর্ঘটনা তখনই ঘটে, যখন সব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরও যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে অঘটন ঘটে। কিন্তু কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানা ও গাজীপুরের প্রত্যন্ত গ্রামে স্থাপিত ফ্যান কারখানার অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলে দায় এড়ানোর সুযোগ নেই।

প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী ওই দুটি কারখানার কোনোটির বৈধ কাগজপত্র নেই। যেখানে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ও সব শর্ত পূরণের অঙ্গীকার করেও সেটি মানা হয় না, সেখানে অবৈধ কারখানার মালিকেরা কী করতে পারেন, তা অনুমান করা কঠিন নয়। গাজীপুরের লাক্সারি কারখানার দুর্ঘটনা সম্পর্কে কারখানার নিরাপত্তা তত্ত্বাবধায়ক বলেছেন, কারখানার ভেতর বয়লারের পেছনে গ্যাস সিলিন্ডার রাখা হতো এবং তা থেকে গ্যাস বের হওয়ার পরই আগুন ধরে যায়। অন্যদিকে কেরানীগঞ্জের প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের নিরাপত্তাকর্মীরা প্রথমে ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপণ যন্ত্র) দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় কর্মীরা আটকা পড়ে মারা যান।

যেকোনো কারখানা বা স্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে আছে বিল্ডিং কোড মেনে স্থাপনা তৈরি, অগ্নিনিরোধক ব্যবস্থা রাখা, অগ্নিনির্বাপক গাড়ি যাতে কারখানায় যেতে পারে, সে জন্য প্রশস্ত সড়ক। কারখানা থেকে পরিবেশদূষণ বন্ধেও টেকসই ব্যবস্থা নেওয়া জরুরি। বাংলাদেশে অধিকাংশ কারখানার মালিক এসব মানেন না বলে বারবার দুর্ঘটনা ঘটে।

 প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি সরেজমিন দেখেছেন, গ্রামের আবাসিক এলাকায় কারখানাটি স্থাপন করা হয়েছিল কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই। দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানাটিও ছিল সম্পূর্ণ অনিরাপদ। প্লাস্টিক অত্যন্ত দাহ্যশীল পদার্থ বলে এর কারখানা স্থাপন করতে হলে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। কিন্তু ওই কারখানার মালিকের সেসব নিয়ে কোনো মাথাব্যথা ছিল না। ফলে দুটি কারখানায় ২৯ জন দগ্ধ হয়ে মারা যান।

এই দুর্ঘটনা আমাদের ২০১১ সালে সংঘটিত তাজরীন গার্মেন্টসের ভয়ংকর অগ্নিকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। তাজরীনের অগ্নিকাণ্ডে ১১১ জনের মৃত্যু ঘটে, যার বেশির ভাগই ছিলেন নারী। অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু কারখানা বা গুদামে আগুন লাগা থেমে নেই। চলতি বছর ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় প্লাস্টিক গুদামে আগুন লেগে মারা গিয়েছিলেন ৭১ জন। যে কারখানা বলতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা বুঝি, দেশের উন্নতি বুঝি, সেই কারখানা মৃত্যুর ঠিকানা হয়েছে।

কেরানীগঞ্জ ও গাজীপুরের কারখানায় দুর্ঘটনার পর কর্তৃপক্ষ একাধিক তদন্ত কমিটি করেছে। কমিটি হয়তো সময়মতো তদন্ত প্রতিবেদনও জমা দেবে। কিন্তু দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, এর জন্য দায়ী ব্যক্তিরা শাস্তি পাবে, তার নিশ্চয়তা কী। কোনো কারখানায় দুর্ঘটনা ঘটলে বা আগুন লাগলে কর্তৃপক্ষ একটু নড়েচড়ে বসে, কোনো কোনো কারখানা সিলগালা করে দেয়। কিন্তু সময়ের ব্যবধানে আবার সবকিছু আগের অবস্থায় ফিরে আসে। ঢাকার নিমতলী ও চকবাজার যার প্রকৃষ্ট উদাহরণ।

এই দুর্ঘটনার জন্য কারখানার মালিকেরা মূলত দায়ী। কিন্তু যাদের কারখানা তদারক করার কথা, পরিবেশ ও নিরাপত্তা দেখার কথা, তারাই কীভাবে দায় এড়াবেন। বৈধ কাগজপত্র ছাড়া কারখানা দুটি কীভাবে চলল? কারখানা পরিদর্শন কিংবা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে ছিলেন?

দুই কারখানার মালিককে আইনের আওতায় আনা হোক। নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক।