শনিবার সকালে কজন কিশোর বরিশালের একটি বিদ্যালয়ের মাঠ থেকে আরেক কিশোরকে ডেকে অল্প দূরে নিয়ে গিয়েই উপর্যুপরি ছুরি মেরে খুন করেছে। প্রকাশ্য দিবালোকে এমন অবলীলায় মানুষ খুন করার খবর প্রায়ই সংবাদ শিরোনাম হচ্ছে। একটার পর একটা এ রকম রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটছে আর আমাদের রাষ্ট্র ও সমাজের সংবেদনক্ষমতা যেন একটু একটু করে ভোঁতা হয়ে যাচ্ছে। এ মাসের গোড়ার দিকে ঢাকার উত্তরায় কজন হিংস্র কিশোরের হাতে নৃশংসভাবে খুন হয়েছে নবম শ্রেণির ছাত্র আদনান কবীর, তার দুই সপ্তাহ না পেরোতেই খুন হয়েছে তেজকুনীপাড়ার কিশোর আবদুল আজিজ। অতি তুচ্ছ নানা কারণে সমবয়সী ও প্রায়-সমবয়সী কিশোর-তরুণেরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।
বরিশালের কিশোর দশম শ্রেণির ছাত্র সাইয়েদুর রহমান হৃদয় খুন হয়েছে এ জন্য যে সে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিল। উত্ত্যক্তকারীরা কী অবলীলায় হৃদয়কে ‘শাস্তি’ দিল! তারা যখন হৃদয়কে একের পর এক ছুরিকাঘাত করে চলেছিল, তখন হৃদয়ের আর্তচিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল তার বন্ধু-সহপাঠী রাফি। তারা রাফিকেও ছুরি মেরে গুরুতর জখম করেছে। লক্ষ করার বিষয়, তারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছিল প্রকাশ্য দিবালোকে, হৃদয়দের বিদ্যালয় থেকে সামান্য দূরেই এবং তখন বিদ্যালয় প্রাঙ্গণ ছিল ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের পদচারণে মুখর। অর্থাৎ ওই খুনিদের মনে তখন কোনো ভয়ডর ছিল না; একধরনের ‘সেন্স অব ইমপিউনিটি’ বা অপরাধের শাস্তি পেতে হবে না এ রকম বোধ নিয়ে তারা ওই নৃশংসতায় মেতে উঠেছিল।
শনিবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের পরিসংখ্যান হলো, গত এক দশকে কিশোরদের মধ্যে চুরি-ছিনতাই ইত্যাদি সাধারণ অপরাধপ্রবণতা কমেছে, কিন্তু খুন-ধর্ষণের মতো গুরুতর ও হিংস্র প্রকৃতির অপরাধ সংঘটনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বরিশালের কিশোর হৃদয় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ যে ছয়জনকে গ্রেপ্তার করেছে, তারাও সবাই কিশোর—১৫ থেকে ১৮ বছর বয়সী।
কিশোর বয়সীদের নৃশংস অপরাধ সংঘটনের ক্রমবর্ধমান প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক একটা সমস্যা। এর কারণগুলো সঠিকভাবে শনাক্ত করার জন্য ব্যাপকভিত্তিক গবেষণা প্রয়োজন। পারিবারিক ও সামাজিক পরিসরে গঠনমূলক ও সৃজনশীল উদ্যোগের কথা ভাবা দরকার। কিশোর অপরাধীদের ক্ষেত্রে আইন প্রয়োগের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এমন ব্যবস্থা প্রয়োজন, যাতে করে গুরুতর অপরাধ সংঘটনের বেলায় তাদের মনে শাস্তির ভয় কাজ করে।