আইন বলছে, পাখি মারা দণ্ডনীয় অপরাধ। মারলে জেল-জরিমানা। আইন বলছে, কারেন্ট জাল ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। করলে জেল-জরিমানা। কিন্তু কারেন্ট জাল পেতে অকাতরে পক্ষী নিধন করে একসঙ্গে দুই আইন ভাঙা যে বন্ধ হয়নি, তার সর্বশেষ প্রমাণ প্রথম আলোর গতকাল শনিবারের একটি প্রতিবেদন।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, রাজবাড়ীর গোয়ালন্দে পাখির উপদ্রব থেকে সবজি রক্ষায় খেতে সমানে কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে। জালে আটকা পড়ে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির পাখি। এর আগেও কৃষকের পেতে রাখা কারেন্ট জালে অজস্র পাখি মারা পড়ার খবর বেরিয়েছে। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। শীত মৌসুমে সবজিখেতে চড়ুই, বাবুই, টুনটুনিসহ ছোট ছোট পাখির আনাগোনা বাড়ে। অনেক পাখি আসে সবজিখেতের পোকা খেতে। টুনটুনি প্রজাতির পাখি বেগুনগাছের পাতায় বাসা বেঁধে ডিম পাড়ে।
প্রতিবেদন বলছে, ফসল রক্ষায় কৃষকেরা কারেন্ট জাল দিয়ে খেত পুরোপুরি ঢেকে দিচ্ছেন। আর সবজির জমিতে আসা বিভিন্ন প্রজাতির পাখি সেই জালে আটকা পড়ে মারা যাচ্ছে।
এভাবে পাখিদের জীবন বিপন্ন করার যে কোনো সুযোগ নেই, তা কৃষকদের বোঝানো দরকার। তাঁদের বোঝানো দরকার, পাখি শুধু সবজি খাওয়ার জন্য আসে না। তারা আসলে ক্ষতিকর পোকামাকড় খেতে আসে। এ কারণে পাখি দিয়ে খেত থেকে পোকামাকড় তাড়ানোর একটি বিশেষ পদ্ধতিও চালু আছে, যার নাম ‘পার্চিং পদ্ধতি’। এই পদ্ধতিতে ধানখেতে পাখি বসার উপযোগী বাঁশের আগা, কঞ্চি, গাছের ডাল পুঁতে দিতে হয়। পাখি সেখানে বসে ক্ষতিকর পোকামাকড় ধরে খায়।
এ বাস্তবতায় কৃষকের কোনোভাবেই খেতে কারেন্ট জাল পেতে রাখা উচিত হবে না। আর একান্ত যদি জাল ব্যবহার করতেই হয়, তাহলে সবজি বা ধানখেত রক্ষায় মোটা সুতিজাল ব্যবহার করা যেতে পারে। এসব জালে সহজে পাখি আটকা পড়ে না। মারাও পড়ে না। কিন্তু কোনো অবস্থায় পাখি তাড়াতে কারেন্ট জালের মতো মৃত্যুফাঁদ পাতা ঠিক নয়।
পাখির সংখ্যা কমায় পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। সে কারণে শুধু গোয়ালন্দের চরাঞ্চল নয়, দেশের অন্য সব এলাকার কৃষকদের পাখির উপদ্রব ঠেকাতে কারেন্ট জালের পরিবর্তে অন্য উপায়ের কথা ভাবতে হবে।
কৃষক যদি ভাবেন পাখি তাঁর ফসলের জন্য ক্ষতিকর, তাহলে তিনি ফসল রক্ষার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তা কখনোই পাখি হত্যা করে হতে পারে না। কারণ, পাখিরা প্রাকৃতিক পরিবেশের বড় সম্পদ। বনের খাদ্যশৃঙ্খলে স্বাভাবিক ধারা বজায় রাখা, ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, উদ্ভিদের পরাগায়ণ ও বীজের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের। এসব দিক বিবেচনায় নিয়ে পাখি হত্যা বন্ধে দেশের সব জায়গায় কৃষকদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হোক।