কালকিনি পাইলট স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হয়, শিক্ষকদের কাছে কোচিং করলে আলাদা অর্থ গুনতে হয়, সব সবারই জানা। কিন্তু মাদারীপুরের কালকিনি উপজেলার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে এর বাইরে ১১ হাজার টাকা করে জামানত আদায় করছে, যা সম্পূর্ণ বেআইনি।

শুক্রবার প্রথম আলোর খবর থেকে জানা যায়, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এই বিদ্যালয় থেকে দুই ধাপে ২৫২ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। তাদের কাছ থেকে শুধু পরীক্ষার নির্ধারিত ফি ২ হাজার টাকা ও কোচিং ফি ২ হাজার টাকা আদায় করা হয়। কিন্তু দ্বিতীয় ধাপে ১২৩ জনের পরীক্ষা নেওয়া হলেও উত্তীর্ণ হয় ৮১ জন। আবার এই ৮১ পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনকে ‘দুর্বল’ পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করে প্রত্যেকের কাছ থেকে ১১ হাজার টাকা জামানত নেওয়ার সিদ্ধান্ত নেয়  স্কুল কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। তাদের পক্ষে পরীক্ষার নির্ধারিত ফি ও কোচিং ফির বাইরে ১১ হাজার টাকা শোধ করা কঠিন। অনেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ফরম পূরণ করতে পারছে না। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কাছে গরিব অভিভাবক ধরনা দিয়েও কোনো সহানুভূতি পাননি। একজন শিক্ষার্থী স্কুলের বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে জামানতের অর্থ জোগাড় করেছে।

শিক্ষকের দায়িত্ব শুধু পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় নয়। তাঁদের কাজ হলো শিক্ষার্থীকে পরীক্ষার উপযোগী করে তোলা। যদি শিক্ষার্থী দুর্বলই হয়ে থাকে, অর্থ জামানত রেখে সেই দুর্বলতা কাটানো যাবে না। এই বিদ্যালয়ের শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের পড়ানোয় নিষ্ঠাবান হতেন, তাহলে ১২৩ জন শিক্ষার্থীকে দ্বিতীয়বার বাছাই পরীক্ষা দিতে হতো না। শিক্ষার্থীদের বলা হয়েছে, পরীক্ষায় পাস করলে এই জামানত ফেরত পাবে। এটি শিক্ষকদের একটি অপকৌশলও হতে পারে, যাতে তারা আরও বেশি কোচিং করে। কোচিং যত বেশি হবে শিক্ষকের আয় তত বাড়বে। শিক্ষার্থী কী শিক্ষা লাভ করল, সেসব নিয়ে তাঁদের ভাবনা নেই।

কালকিনি সরকারি পাইলট স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে জামানত আদায়ের ঘটনাটি শুধু অনৈতিক নয়, একধরনের উৎকোচ–বাণিজ্যও। শিক্ষার্থীদের জিম্মি করে স্কুল কর্তৃপক্ষ এই অর্থ আদায় করছে, যার সভাপতি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। যেসব শিক্ষার্থীর কাছ থেকে জামানত আদায় করা হয়েছে, তাদের অবিলম্বে ফেরত দেওয়া হোক। জামানত ছাড়াই প্রত্যেক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে অবিলম্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।