কালরাত ২৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সূচনালগ্নে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যার সূচনা করেছিল, পরবর্তী নয় মাস ধরে তা অব্যাহত ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়। আজ সেই ২৫ মার্চ। ওই রাতের অগণিত শহীদসহ মুক্তিযুদ্ধের পুরো নয় মাসে প্রাণ উৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
এ বছর ২৫ মার্চ এসেছে এক বড় স্বস্তির সংবাদ নিয়ে। ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা এবং এ দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পক্ষে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে আমরা গণহত্যার শিকার শহীদদের স্মরণ করা এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্ত করার একটি দিবস পেলাম। এই প্রস্তাব আরও আগেই গ্রহণ করা উচিত ছিল, তবে দেরিতে হলেও যে তা গৃহীত হয়েছে, সেটাও কম স্বস্তির বিষয় নয়। তবে আন্তর্জাতিক পরিসরে এই দিবসের স্বীকৃতি আদায়ের চেয়েও বেশি প্রয়োজন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও আমরা তা অর্জন করতে পারিনি। এর কিছু ভূরাজনৈতিক কারণ ছিল যা এখনো সম্পূর্ণভাবে দূরীভূত হয়নি।
আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল স্নায়ুযুদ্ধের যুগে, যখন পাকিস্তানের পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এবং আরব বিশ্বের কয়েকটি ক্ষমতাধর দেশের সরকার। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন লাভ করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো, কিউবা এবং দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান প্রভৃতি দেশের। এই বিভাজনের আদর্শিক কারণ যদিও আর তেমন নেই, তবু একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে পাকিস্তান ও তার মিত্র দেশগুলোর আপত্তি এখনো বিদ্যমান। এই পরিস্থিতিতে আমাদের উচিত রাশিয়া, পূর্ব ইউরোপের সাবেক সমাজতান্ত্রিক দেশগুলো ও ভারতসহ আমাদের সেই দুঃসময়ের বন্ধুদের আবারও স্মরণ করিয়ে দেওয়া যে আমরা আমাদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আজও পাইনি।
১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে পরবর্তী নয় মাস ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনী যেসব হত্যাযজ্ঞ চালিয়েছে, জাতিসংঘের গণহত্যার সংজ্ঞায় তা নিশ্চিতভাবেই গণহত্যা হিসেবে প্রমাণ করা সম্ভব। দেশি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষ্য–প্রমাণসহ অজস্র দলিল রয়েছে। সরকারি ও সংসদীয় পর্যায়ে জোরালো উদ্যোগ গ্রহণ করা হলে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা অবশ্যই সম্ভব।