সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উন্নয়ন সূচক ২০১৬’ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান নিচের সারিতে। ১০টি বিষয়ের ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারণ করা হয়। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের ওপরে আছে বাংলাদেশ। ইন্টারনেট ব্যবহারকারী ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এই পর্যায়ে এসে এই তথ্য সত্যিই উদ্বেগজনক।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী গত জুন মাস পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৯০ হাজার। এটা মোট জনসংখ্যার ৪০ শতাংশের কাছাকাছি। তবে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার। এ ছাড়া দেশে সাধারণ ইন্টারনেট ঢাকা এবং বড় বড় কয়েকটি শহরকেন্দ্রিক। সেসব ইন্টারনেট ব্যবহারের খরচ বেশি।
দেশে এখনো সর্বজনীনভাবে উচ্চগতির অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তাই আইসিটি সূচকে ভালো অবস্থানে যেতে হলে কম খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে দুটি সমস্যা দেখা যায়: এক. দেশব্যাপী ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে প্রতিযোগিতার অভাব এবং দুই. এই খাতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করা। ফলে তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত ও ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে সরকারি-বেসরকারি পর্যায়ে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।
আইসিটি সূচকে ভালো করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–সংযোগ সরবরাহের বিষয়েও নজর দেওয়া প্রয়োজন। ইন্টারনেট, তথা ডিজিটাল মাধ্যমে বাংলা বিষয়বস্তু (কনটেন্ট) এখনো অপ্রতুল। ফলে মানুষের প্রয়োজন ও চাহিদা তেমনভাবে মিটছে না। এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। এসব না হলে মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাবে না।