কিছু ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে পারেননি
বিবিসি ওয়ার্ল্ড নিউজের কাছে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান রাজনীতি, আগামী নির্বাচন, বিরোধী দলের হরতাল, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। তাঁর সাক্ষাৎকার বিশ্লেষণ করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। শেখ হাসিনা সমসাময়িক কালে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিকদের একজন। আওয়ামী লীগের দলনেত্রী হিসেবে তিনি প্রায় ৩০ বছর এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে নয় বছর অতিক্রম করেছেন। তিনি সেনা-অভ্যুত্থান দেখেছেন, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, নানা ষড়যন্ত্র মোকাবিলা করেছেন, বিভিন্ন সাফল্য উপভোগ করেছেন। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা মাঝেমধ্যেই আড়াল হয়ে যায় অনিয়ন্ত্রিত ও আবেগপ্রসূত কথাবার্তায়। কিন্তু ৬ এপ্রিল বিবিসি ওয়ার্ল্ড নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমরা তাঁর মধ্যে একজন ঝানু রাজনীতিবিদের পরিচয় পাই। এই সাক্ষাৎকারে কিছু ক্ষেত্রে তিনি দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে উঠতে পারেননি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি সম্ভব নয়, স্বাভাবিকও নয়। কিন্তু তাঁর দেওয়া যুক্তি ও তথ্যের কারণে দলীয় দৃষ্টিকোণ নগ্ন হয়ে ওঠেনি, বরং কিছু ক্ষেত্রে তাঁর বক্তব্য ছিল রাষ্ট্রনায়কসুলভ। অন্যদিকে এটিও ঠিক যে বিবিসির প্রশ্নকর্তার সীমাবদ্ধতার কারণে শেখ হাসিনার কিছু বক্তব্যের উপযুক্ত পাল্টা প্রশ্ন করা হয়নি বা কিছু বিষয়ে প্রশ্নই করা হয়নি। ফলে তাঁর সরকারের কিছু দৃষ্টিভঙ্গির কোনো যথার্থ ব্যাখ্যা সাক্ষাৎকারে পাওয়া যায়নি। শেখ হাসিনা সাক্ষাৎকারটি দিয়েছেন ৬ এপ্রিল, যেদিনটি বাংলাদেশের জন্য চরম অনিশ্চয়তাপূর্ণ মনে হয়েছিল অনেকের কাছে। হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনিয়ন্ত্রিত হয়ে পড়লে তাঁর সরকারের অবস্থা এদিন হয়তো টালমাটাল হয়ে পড়ত। কিন্তু বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে একবারও মনে হয়নি তিনি কোনো গভীর উৎকণ্ঠায় আছেন। বরং মনে হয়েছে, হেফাজত, হরতাল, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যা কিছুই ঘটছে, দেশের পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণে আছে বলে তিনি আত্মবিশ্বাসী। আওয়ামী লীগের শাসনামলে সব সময় স্পর্শকাতর বিষয় থাকে ধর্ম ও ভারতবিরোধিতার ইস্যুটি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তাঁকে বিবিসির প্রশ্নকর্তা কোনো প্রশ্ন করেননি, কিন্তু ধর্মের বিষয়ে তাঁকে যা জিজ্ঞেস করা হয়েছে তাতে তিনি পরিণত চিন্তার পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশের সেক্যুলার পরিচয় বা মত প্রকাশের স্বাধীনতা মানে যে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়, তা বারবার উল্লেখ করেছেন। ধর্মীয় অনুভূতিতে যে-ই আঘাত করবে, তাকে এ জন্য ‘পরিণতির মুখোমুখি হতে হবে’। ‘ইসলামপন্থী’দের দাবি সম্পর্কে তিনি বলেছেন সব কটি দাবি খতিয়ে দেখা হবে এবং কোনো দাবি দেশ ও জনগণের জন্য মঙ্গল বয়ে আনলে ‘তা পূরণ করা হবে’। বিবিসি প্রশ্ন করেছে যে ইসলামপন্থীদের দাবির কারণে ব্লগারদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে কি না? তাঁর উত্তর হচ্ছে, এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে, কমিটি প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বিবিসি শরিক দলের নেতাদের কর্তৃক ব্লগারদের গ্রেপ্তারের জন্য তাঁকে সমালোচনার প্রসঙ্গটি উত্থাপন করেছে। তাঁর জুতসই উত্তর হচ্ছে সবারই যা কিছু বলার স্বাধীনতা আছে, ‘কিন্তু আমি জানি কী করতে হবে, কীভাবে এগিয়ে যেতে হবে।’ ব্লাসফেমি আইন প্রসঙ্গে তিনি বলেছেন, দেশের প্রচলিত তিনটি আইনে ধর্মের অবমাননার অপরাধের জন্য শাস্তির বিধান আছে বলে ‘এ মুহূর্তে এই ধরনের আইনের প্রয়োজন নেই’। তাঁর এসব বক্তব্য অতি প্রগতিশীল ও বামদের কাছে কিছুটা আপসকামী মনে হতে পারে, কিন্তু অন্যদের কাছে এটি বাস্তবোচিতও বিবেচিত হতে পারে। তিনি জরুরি অবস্থা জারি ও সেনা হস্তক্ষেপের আশঙ্কা যেভাবে নাকচ করেছেন তাতে তাঁর আত্মবিশ্বাসও ফুটে উঠেছে। অন্য অনেক ক্ষেত্রে তাঁকে শক্ত প্রশ্নবাণে পড়তে হয়নি। তিনি সংখ্যালঘুদের ওপর হামলার সব দায়দায়িত্ব জামায়াতের ওপর চাপিয়ে দিয়েছেন। প্রশ্নকর্তা এ ক্ষেত্রে তাঁর কাছে কোনো প্রমাণ আছে কি না জিজ্ঞেস করেননি। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় আছে বলে দৃঢ় মত দিয়েছেন। প্রশ্নকর্তা এ প্রসঙ্গে স্কাইপ কেলেঙ্কারির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে হইচই ফেলা প্রসঙ্গটি উত্থাপনই করেননি। তিনি আদালতের রায় অনুসারে দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দায়িত্ব সংসদের বলে চাতুর্যপূর্ণ উত্তর দিয়েছেন। প্রশ্নকর্তা এখানেও সংসদ নেতা হিসেবে তাঁর ভূমিকার কথা জানতে চাননি। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অযৌক্তিকতা তুলে ধরেছেন। কিন্তু তাঁকে উত্তর দিতে হয়নি, তাহলে কেন তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ২০১০ সালে সংবিধান সংশোধন-বিষয়ক কমিটির কাছে সংস্কার সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছিল? বিবিসির মতো একটি প্রতিষ্ঠিত গণমাধ্যম এসব প্রশ্ন কেন করেনি, এই দায় অবশ্য তাঁর নয়। তাঁকে যা প্রশ্ন করা হয়েছে, সাক্ষাৎকারটির যারা অডিয়েন্স (ইংরেজি ভাষাভাষী শ্রোতা) তার নিরিখে তিনি তাঁর নিজের ও দলের জন্য জুতসই উত্তর দিয়েছেন। দেশে বসে আমরা এতে রাজনৈতিক সংকট নিরসনের কোনো দিকনির্দেশনা নেই বলে হা-হুতাশ করতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে, এমন নির্দেশনা না থাকাটাই একধরনের রাজনীতি এবং বাংলাদেশে এই রাজনীতি অনেক সময় কার্যকর বলে বিবেচিত হয়। আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।