কিশোরী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতনের শীর্ষে ওঠার আরেকটি তকমা জুটল বাংলাদেশের। দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনে বাংলাদেশ শীর্ষে বলে জানিয়েছে ইউনিসেফ। গণমাধ্যম, নারী সংগঠনসহ সমাজের সংবেদনশীল অংশ এত দিন যা বলে আসছিল, ইউনিসেফের প্রতিবেদন তা-ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। কিন্তু কী করেছে আমাদের সরকার? সে কি ভুলে গেছে এত বড় মানবিক বিপর্যয়ের কথা?
কিশোরীদের বড় অংশই বাল্যবিবাহের শিকার। বাল্যবিবাহের শিকার মেয়েরা যখন বাবা-মায়ের ঘেরাটোপ থেকে দাম্পত্যজীবনে ঢোকে, তখন তাদের শারীরিক ও মানসিক সক্ষমতাই তৈরি হয় না। এটাই তাদের নির্যাতনের দোরগোড়ায় ঠেলে দেয়। প্রতি দুজন বিবাহিত কিশোরীর মধ্যে একজন স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতিত হয়। এ দেশে বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ হলেও তা কার্যকর হচ্ছে না। বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হলে কিশোরী নির্যাতন অনেক কমে আসবে; এটা নিশ্চিত করেই বলা যায়।
দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহ বেশি বাংলাদেশে অনেক সময় সমাজপতিরা জেনেশুনে বাল্যবিবাহকে প্রশ্রয় দেন। পরিবার ও সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কিশোরী নির্যাতনকে চেপে রাখাই সমীচীন মনে করে। এতে নির্যাতকেরা আরও উৎসাহ পায়। পুলিশের মধ্যে নির্যাতিতা নারীর প্রতি সহানুভূতির অভাবও প্রকট। সবকিছুর মিলিত চাপে কিশোরী মনের আর্তনাদ বোবা হয়ে পড়ে। এই করুণ ও কঠিন বাস্তবতাই ফুটে উঠেছে ইউনিসেফের প্রতিবেদনের শিরোনামে: হিডেন ইন প্লেইন সাইট অর্থাৎ মামুলি চোখে আড়াল করা। কিন্তু লালন সাঁইয়ের ভাষায় ‘চোখের আড়ে পাহাড় লুকানো’র এই ভুল আমাদের শোধরাতে হবে। এর জন্য সবার আগে রাষ্ট্রের, সমাজের, অভিভাবকের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তা হলে একদিকে কিশোরী মেয়েদের জন্য সুস্থ সুন্দর জীবন এবং সামাজিক সুস্থতা উভয়ই অনেকটা নিশ্চিত হবে।
আইনের শাসন, জবাবদিহি ও সুনীতির পৃষ্ঠপোষকতা যখন কোনো দেশে দুর্বল হয়ে পড়ে, তখন অন্যান্য সামাজিক বিকৃতির মতো নির্যাতনও আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। সুতরাং সমস্যার গোড়ায় হাত দিতে হলে আইনের যথাযথ প্রয়োগ এবং আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির বিকল্প নেই।