কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনীয়তার অভাবে কিশোর-কিশোরীরা স্বাস্থ্যসেবা কম নেয় বলে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগজনক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারে দেওয়া তথ্য অনুযায়ী, কিশোর-কিশোরীরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভোগে, যা তারা মা-বাবা বা পরিবারের অন্য সদস্যদের জানাতে চায় না। কেননা স্বাস্থ্যবিষয়ক সমস্যা নিয়ে সন্তান-অভিভাবকদের মধ্যে এখনো খোলামেলা আলোচনার মানসিকতা গড়ে ওঠেনি। এ জন্য তারা একাই চিকিৎসকের কাছে যেতে চায়। এর ফলে বহু কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবার বাইরে থেকে যাচ্ছে।
আমাদের জনসংখ্যার একটি বড় অংশই হচ্ছে কিশোর-কিশোরী। এই কিশোর-কিশোরীদের শিক্ষা, জীবন-দক্ষতা ও স্বাস্থ্যের ওপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ। কিশোর-কিশোরীরা এই বয়সে নতুন ও ভিন্নতর স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়, যা দূর করার জন্য চিকিৎসাসেবা ও সহায়তা জরুরি। কিন্তু গোপনীয়তা রক্ষা করতে গিয়ে যদি তারা চিকিৎসকের কাছেই না যায়, তাহলে তারা স্বাস্থ্যঝুঁকির মধ্যেই থেকে যাবে।
এ সমস্যার সমাধানে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি অভিভাবকদেরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিষয়ক সমস্যাগুলো নিয়ে সন্তানেরা যাতে তাঁদের সঙ্গে কথা বলে, এ জন্য প্রত্যেক বাবা-মাকে বাড়িতে সে রকম আবহ সৃষ্টি করতে হবে। কিশোর বা কিশোরী সন্তানের প্রতি তাঁদের বেশি করে সহানুভূতিশীল হতে হবে। তার সমস্যাগুলো জানার চেষ্টা করতে হবে। সন্তানের মঙ্গলের জন্য সব জড়তার ঊর্ধ্বে উঠে স্বাস্থ্য সমস্যাসহ সব বিষয়ে খোলামেলা আলোচনা করাই শ্রেয়।
দুর্ভাগ্যজনকভাবে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের উন্নয়নে সরকারেরও তেমন কোনো কার্যক্রম নেই। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাত্র দুটি কর্মসূচি রয়েছে। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের জন্য মাথাপিছু সরকারি ব্যয় বছরে মাত্র ৮৬ পয়সা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের জনসংখ্যার উল্লেখযোগ্য এই অংশের দিকে নজর না দিলে সামনে দেশটির ভবিষ্যৎ অন্ধকারের দিকেই যাবে।