কিশোরীদের জন্য বাইসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ স্কুল ব্যাংকিং কর্মসূচির আওতায় জেলার শৈলকুপা উপজেলায় ৫০ জন কিশোরীকে বাইসাইকেল দিয়েছে। বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বাইসাইকেল দেওয়া হয়। কিশোরীরা যাতে সহজে বিদ্যালয়ে যেতে পারে, এ জন্য তাদের এই বাইসাইকেল দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সরল সুদে এসব সাইকেল বিতরণ করেছে। তাদের সহযোগিতা করেছে আরএফএল গ্রুপ। অবশ্যই এটি একটি শুভ উদ্যোগ।
এমনিতে আমাদের দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলের মেয়েদের সমস্যার অন্ত নেই। পড়ালেখা করার ক্ষেত্রে তাদের রয়েছে অনেক বাধা। বাড়ি থেকে বিদ্যালয় দূরে হওয়ায় অনেক সময় যাতায়াত করাটা কঠিন হয়ে পড়ে তাদের জন্য। যাতায়াতের খরচ বেশি হওয়ায় অনেক মা-বাবা তাঁদের মেয়েদের আর পড়ালেখা করাতে চান না। এতে অনেক মেয়ের প্রাথমিকের পর বিদ্যালয় থেকে ঝরে পড়ার পরিস্থিতি তৈরি হয়। অনেক ক্ষেত্রেই তখন মা-বাবা তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। আমাদের দেশে মেয়েদের বাল্যবিবাহের একটি প্রধান কারণ হচ্ছে বিদ্যালয় থেকে ঝরে পড়া। এভাবে আমাদের দেশের মেয়েরা পিছিয়ে পড়ছে। আর মেয়েরা পিছিয়ে পড়ায় দেশও পিছিয়ে পড়ছে। যা কোনোভাবেই কাম্য নয়।
মেয়েদের বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা দূর করতে সোনালী ব্যাংকের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। এর আগে জানুয়ারি মাসে ঝিনাইদহ পৌরসভার মেয়র হরিণাকুণ্ডু উপজেলার একটি বিদ্যালয়ে অনুদান হিসেবে ১৭টি সাইকেল কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। আমরা মনে করি এটা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হওয়া উচিত। এই উদ্যোগ দেখে অন্যরাও একইভাবে উৎসাহিত হলে একদিকে যেমন কিশোরীদের স্কুলে যাতায়াতের সমস্যা দূর হবে, তেমনি তাদের সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে সহায়তা করবে। এ ধরনের ইতিবাচক উদ্যোগ নারীর ক্ষমতায়নের পথকেও সুগম করবে। সরকারও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে।