সেবা নিতে আসা মানুষের কাছে সরকারি প্রতিষ্ঠান অনিরাপদ—এমন ধারণা প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তুলে নিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তাই গুরুতর। আরও গুরুতর হলো, অভিযোগকারী ওই ছাত্রী ও তার মাকে হত্যা ও ধর্ষণের ভয় দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া। পুলিশ কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলোর এ বিষয়ে দৃঢ় ভূমিকা পালনের প্রয়োজন আছে।
অসুস্থ একটি কিশোরী মায়ের সঙ্গে ওই হাসপাতালে ভর্তি হয় ৪ ডিসেম্বর। ৫ ডিসেম্বর গভীর রাতে হাসপাতালের ভেতর থেকেই চার যুবক তাকে তুলে নিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযোগে ওই চার যুবককে চিহ্নিতও করা হয়েছে। কিন্তু ওই কিশোরীর মা কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও অন্যদের ধরছে না। তাঁর অভিযোগ, মামলার আসামিরা উপজেলা ছাত্রলীগের এক নেতার ঘনিষ্ঠ। তা ছাড়া, মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গেও তারা ঘনিষ্ঠ। গ্রেপ্তার হচ্ছে না বলে আসামিরা মা ও মেয়েকে প্রাণনাশের হুমকি দিতে পারছে।
বৃহস্পতিবারের প্রথমআলোর অনলাইন সংস্করণের ওই সংবাদে নির্যাতনের শিকার ছাত্রীর চরম ভয়ের কথা প্রকাশ পেয়েছে। ভয় কোন পর্যায়ে গেলে, আমাদের মতো সমাজে, ধর্ষণের শিকার এক কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে গণমাধ্যমে বিচার চাইতে আসে তা কি আমরা বুঝতে পারি?
একের পর এক ঘটনা ঘটছে। নারী নির্যাতন, হত্যাচেষ্টা, হত্যা এবং ধর্ষণের বেশির ভাগ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নাম আসছে। অনেক সময় ঘটনা ঘটার পর তাঁরা সংগঠন থেকে বহিষ্কৃত হচ্ছেন বটে, কিন্তু মামলার তদন্তকে প্রভাবিত করার ক্ষমতা কিন্তু তাদের কমছে না। এ কারণেই অপরাধের বিচারে সরকার, ক্ষমতাসীন দল এবং পুলিশ প্রশাসনের সদিচ্ছা ও দৃঢ়তা প্রয়োজন।
একটি অবিচার আরও অনেক অবিচারের পথ খুলে দেয়। পার পেয়ে যাওয়া অপরাধী আরও অপরাধ সংগঠনে উৎসাহী হয়।