জনমানুষের সম্মিলিত প্রয়াসই যে বড় সাফল্যের চাবিকাঠি, সেটাই প্রমাণ করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামটি। বাংলাদেশে গড় সাক্ষরতার হার যেখানে টেনেটুনে ষাটের কোঠায়, সেখানে প্রায় যোগাযোগবিচ্ছিন্ন এই প্রত্যন্ত গ্রামের শতভাগ মানুষের শিক্ষিত হওয়া বিশাল অর্জন বলেই মনে করি।
আনন্দের বিষয় যে এই গ্রামে সংঘাত সংঘর্ষ নেই, চুরি-ডাকাতি-ছিনতাই নেই; সবাই শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। এর পেছনেও আছে গ্রামের উচ্চশিক্ষিত ও প্রবীণ মানুষের উদ্যোগ। গ্রামে কদাচিৎ ঝগড়া-বিবাদের সৃষ্টি হলে তাঁরা বসে মিটমাট করে দেন। ফলে নিরক্ষরতামুক্তির পাশাপাশি গ্রামটি শতভাগ অপরাধমুক্ত হতে পেরেছে। কেবল বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই নয়, বৈশ্বিক প্রেক্ষাপটেও এটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
১৯১১ সালে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর গেল দশকের মাঝামাঝিই দেওয়ান তারটিয়া প্রত্যেক নাগরিকের লেখাপড়া নিশ্চিত করে। গ্রামের সিংহভাগ মানুষ উচ্চশিক্ষিত হওয়ায় তাঁরা বাইরে চাকরিবাকরি করে জীবিকা নির্বাহ করেছেন। আবার অবসরজীবনে গ্রামে ফিরে গিয়ে প্রতিবেশীদের সুখদুঃখের সঙ্গী হয়েছেন। অর্থের অভাবে গ্রামে যাতে কারও ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ না হয়, সে জন্য গ্রামের প্রবীণ ও সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এসেছেন।
দার্শনিক কার্ল মার্ক্স যে বহু বছর আগে ভারতবর্ষের গ্রামগুলোকে স্বয়ংসম্পূর্ণ সমাজ বলে আখ্যায়িত করেছিলেন, তারই বাস্তব রূপ লক্ষ করি দেওয়ান তারটিয়ায়। সেই গ্রামের প্রতিটি মানুষ তাঁর প্রতিবেশীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাদের প্রতি সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
আশা করি, গ্রামটির যোগাযোগব্যবস্থার সমস্যা দূর করতে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে। বাংলাদেশের প্রতিটি গ্রাম দেওয়ান তারটিয়ার মতো জ্ঞানের আলোকশিখায় উদ্ভাসিত হোক, প্রতিটি জনপদ অপরাধমুক্ত থাকুক।