কী নৃশংস, কী নির্মম! ধিক্কার জানানোর ভাষাও আমাদের জানা নেই। শিক্ষক পরীক্ষার নিবন্ধন শেষে যে তরুণী বগুড়া থেকে ছোঁয়া পরিবহনের বাসে করে ময়মনসিংহে ফিরছিলেন, তাঁকেই কি না ধর্ষণ ও খুনের শিকার হতে হয়েছে মানুষ নামের কতিপয় দুর্বৃত্তের পৈশাচিকতার। এঁদের দেখে পশুও লজ্জা পাবে।
ছোঁয়া গণপরিবহনের চালক ও হেলপাররূপী পাঁচ দুর্বৃত্ত একজন নারীর ওপর যে নৃশংসতা চালিয়েছেন, তা নজিরবিহীন। একটি সভ্য সমাজে এ রকম রোমহর্ষক ঘটনা ঘটতে পারে? বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সিরাজগঞ্জে অন্য যাত্রীরা নেমে গেলে বাসের চালক ও তাঁর চার সহযোগী প্রথমে মেয়েটিকে ধর্ষণ করেন। তিনি অনেক কাকুতি-মিনতি করেও তাঁদের হাত থেকে রেহাই পাননি। এরপর নিজেদের অপরাধ ঢাকতে তাঁকে খুন করে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ফেলে যান।
এর আগেও বাংলাদেশে গণপরিবহনে অনেক নারী নিগ্রহ ও হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু গত শতকের নব্বইয়ের দশকে দিনাজপুরে ইয়াসমিনের ঘটনা ছাড়া কোনোটিই আমাদের চৈতন্য জাগ্রত করতে পারেনি। যেন সবকিছু গা সওয়া হয়ে গেছে। ইয়াসমিনের ঘটনায় দেশব্যাপী আন্দোলন হয়েছিল বলে অপরাধীরা শাস্তি পেয়েছিল। মানিকগঞ্জের ঘটনায়ও দুই দুর্বৃত্ত শাস্তি পেয়েছে। কিন্তু অন্যান্য ঘটনায় দুর্বৃত্তরা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে।
ছোঁয়া পরিবহনের রোমহর্ষক ঘটনা আমাদের ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে ফিজিওথেরাপির ছাত্রী নির্ভয়াকে (ছদ্মনাম) চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার কথা স্মরণ করিয়ে দেয়। দুই অপরাধের ধরন ও মাত্রা অভিন্ন হলেও প্রতিক্রিয়া ভিন্ন। নির্ভয়ার ঘটনায় সারা ভারত তোলপাড় হলেও ময়মনসিংহের ঘটনায় সবাই আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। তাহলে হাইওয়ে পুলিশ কী করছে? এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশে মেয়েরা গণপরিবহনে চলাচল করতে পারবে না।
নিকট অতীতে মানিকগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, বরিশাল প্রভৃতি জায়গায় গণপরিবহনে নারী নিগ্রহের ঘটনা ঘটলেও অপরাধীরা শাস্তি পায়নি। এই বিচারহীনতাই অপরাধকে উসকে দিচ্ছে এবং অপরাধীদের বেপরোয়া করে তুলছে। তবু আমরা আশা করতে চাই, পুলিশ যে দ্রুততায় ছোঁয়া পরিবহনের পাঁচ দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে, মামলার তদন্ত ও বিচারও একই গতিতে চলবে। অপরাধীরা শাস্তি পাবে।
তবে এ ধরনের ঘটনায় অপরাধীদের শাস্তিই যথেষ্ট নয়। এই নৃশংসতার বিরুদ্ধে সমাজের শুভবুদ্ধিসম্পন্ন প্রতিটি মানুষ এগিয়ে আসতে হবে, গড়ে তুলবে সামাজিক প্রতিরোধ, এটাই প্রত্যাশিত।