কী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও এর প্রতিকারহীনতা যেন দেশের নির্বাচনী সংস্কৃতিতে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আসছে আর আচরণবিধি লঙ্ঘনও শুরু হয়ে গেছে। ইউপি তফসিল ঘোষণার দুই দিনের মাথায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে। প্রথম আলোর প্রতিবেদন বলছে, গত শনিবার পটুয়াখালীর বাউফলে সমাবেশ করে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের এক নেতাকে পরিচয় করিয়ে দিয়েছেন। এমনকি তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য তাঁর প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
এবার প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচন দলীয় ভিত্তিতে হতে যাচ্ছে। সরকারি দলের চিফ হুইপ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ দলের এক নেতাকে পরিচয় করিয়ে দিয়ে এবং তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে স্পষ্টতই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর সরকারি সুবিধাভোগী যেসব অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না, তাঁদের মধ্যে চিফ হুইপ রয়েছেন।
অথচ নির্বাচনী তফসিল ঘোষণার পর তৃণমূল প্রতিনিধি সভার নামে সমাবেশ করে তিনি প্রার্থী ঘোষণা দেন। এটা দলের সিদ্ধান্তেরও লঙ্ঘন। কারণ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল থেকে যে প্রার্থীর নাম প্রস্তাব করা হবে, সেটা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের এই সভায় সরকারি দলের চিফ হুইপের যোগদানকে কেন্দ্র করে আরও একটি গুরুতর অভিযোগ হচ্ছে, সফর উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্য করা হয়েছে চিফ হুইপকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণে। এমনকি সভায় উপস্থিত থাকতে শিক্ষকদেরও বাধ্য করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।