আমার বড় ভাইকে নিয়ে ছেলেবেলার যত স্মৃতি মনে পড়ে সবটুকুতেই তিনি হয় পুশ চেয়ারে, না হয় হুইলচেয়ারে বসা। ছোটবেলায় আমি একে না বুঝেও অস্বাভাবিক মনে করতাম। আমার ভাই ১৯৯৯ সালে ৫৫ বছর বয়সে মারা যান। তিনি ডন’স সিনড্রোম নামের মানসিক রোগে আক্রান্ত ছিলেন। আমার ভাইয়ের বয়স যখন ছয় বছর, তখন তিনি প্রথম হাঁটতে শেখেন। কিন্তু তিনি কথা বলতে পারতেন না। আমি তাঁর সুস্থির মানসিক শক্তি ও চারিত্রিক দৃঢ়তার গুরুত্ব দিতে চাই। তাঁর চারপাশের সেই পরিবেশের ওপর গুরুত্ব দিতে চাই; যেখানে তিনি নিজেকে মনে করতেন সেই সমাজেরই একটি অংশ হিসেবে। যে সমাজ তাঁকে গুরুত্ব দিত এবং তাঁকে সাহায্যকারী হিসেবে অন্য দশজনের একজনই মনে করত।আমাদের বড় ছেলে নীলও মানসিকভাবে স্বাভাবিক মানুষের মতো সক্ষম নয়। ১৯৭৫ সালে নয়াদিল্লিতে নীলের জন্মের এক বছরের মধ্যে চিকিৎসক তার সমস্যাগুলো খুঁজে পায়। ভারত ও যুক্তরাজ্য—দুই জায়গার চিকিৎসকেরাই আমাদের জানায়, নীল হয়তো বা কখনোই কথা বলতে পারবে না এবং পাঁচ থেকে ছয় বছর বয়সে হাঁটতে শিখবে। বাবা-মা হিসেবে আমাদের কাছে এর থেকে বেশি হতাশার কী-ই বা হতে পারে? আমি ও আমার স্ত্রী পুরোপুরি হতাশ ও দিগিবদিকশূন্য হয়ে পড়েছিলাম। তার পরও আমরা চিকিৎসার সব সম্ভাব্য উপায় খুঁজতে লাগলাম। আমরা ভারতীয় সব ধরনের চিকিৎসাপদ্ধতির চেষ্টা করলাম। আমার স্ত্রী স্রষ্টার কাছে প্রার্থনায় বেশি করে সময় দিতে শুরু করল। ফলে সেই পরিস্থিতিকে মোকাবিলা করতে প্রার্থনা আমার স্ত্রীকে আত্মিক শান্তি ও স্থির করতে সহায়তা করে। আমরা আমাদের ছেলেকে পেশি-উদ্দীপক সব ধরনের ওষুধ চিকিৎসার মাধ্যমে প্রদান করতে শুরু করলাম; ফলে সে মাত্র দুই বছর বয়সে হাঁটা শুরু করে। এখন তার বয়স ৩৭। সে খুব সহজেই বিভিন্ন আলাপচারিতায় অংশ নিতে পারে। যদিও বাস্তবে সে পরিপূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। আমরা সব সময় আমাদের ছেলে নীল ও তার ছোট ভাই ৩১ বছর বয়স্ক রোহিনকে (এখন হূদেরাগবিশেষজ্ঞ) বোঝানোর চেষ্টা করতাম ইংরেজি ভাষার অভিধানে, ‘আমি পারি না’ এই শব্দগুচ্ছের অস্তিত্ব নেই। কয়েক বছরের মধ্যে নীল খুব স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে মিশতে শুরু করে। হাস্যোজ্জ্বল নীল পরিবারের অন্য সদস্যদের মতোই রান্নাঘরের কাজে হাত লাগাত, কখনো কখনো সে আমাদের জন্য খাবার টেবিলে খাবার এনে সাজিয়ে দিত, গাড়ি ধুয়ে দিত বা লনের ঘাস মাড়িয়ে দিত। যদি তাকে অংশগ্রহণের উৎসাহ না দেওয়া হতো, তাহলে সে অন্যদের মতোই টেলিভিশনের সামনে বসে থাকত। ব্রিটিশ টেলিভিশনে খেলা দেখে সময় কাটাত।প্রতিবন্ধী হিসেবে নীলের অসম্ভব ভালো স্মৃতিশক্তি ছিল এবং অন্যদের দ্বারা পরিচালিত হওয়ার দৃঢ় চেতনা ছিল। নিয়মিত ওষুধ গ্রহণের কারণে পরিবারের যে কেউ কখনো অসুস্থ হয়ে পড়লে সচেতন নীল সময়মতো ওষুধ গ্রহণের কথা মনে করিয়ে দিত।দৈনন্দিন কাজকর্মে নীলকে স্বাভাবিক মানুষের মতো দেখালেও তার পক্ষে পুরোপুরি স্বাধীনভাবে বেড়ে ওঠা ছিল অসম্ভব। তার আবেগ-অনুভূতি আমাকে যেমন নাড়া দিত, তেমনি দিতে পারত আপনাকে। নিজের ওপর খুশি ছিল সে। নীল যে পরিবেশে বেড়ে উঠেছে, তা বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের পক্ষে অসম্ভব। বিশেষ করে গ্রামাঞ্চলের শিশুদের জন্য তা অকল্পনীয়। যদিও বাংলাদেশে আমার খুব স্বল্পসময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই মন্তব্য করছি। তার পরও আমার ধারণা, অন্যরা এর থেকে উৎসাহ পাবেন, যাঁরা তাঁদের প্রতিবন্ধী শিশুকে নিয়ে হতাশ।বাংলাদেশের মা-বাবাদের তাঁদের বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী শিশুকে নিয়ে লজ্জা বা বিব্রত হওয়ার কিছু নেই। মা-বাবা হিসেবে তাঁদের সব শিশুকে সমানভাবে ভালোবাসতে হবে, যদি শিশুরা কথা বলতে না পারে, দেখতে না পায় বা শুনতে না পায়, তার পরও তাদের সঙ্গে মিশতে হবে, আনন্দ করতে হবে। যখন আমাদের নীল বড় হয়ে ওঠে, তখন আমি তার সঙ্গে বেশির ভাগ সময় পুল খেলতাম। বাংলাদেশের মা-বাবারাও তাঁদের এমন সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে, আনন্দে ভরে তুলতে হবে শিশুটির সঙ্গে মেশার সময়কে। শিশুকে হাসাতে হবে, হাসিই পারে আপনার শিশুকে সুস্থ করে তুলতে। তার সঙ্গে সময় কাটান, তাকে সময় দিন, গুরুত্ব দিন। সব কাজ একদিকে রেখে আরেক দিকে আপনার সন্তানকে গুরুত্ব দিয়ে আনন্দে মেতে উঠুন।(জুলিয়ান ফ্রান্সিসের বাংলাদেশে অনেক বন্ধু আছে, যাদের বিভিন্ন প্রতিবন্ধতা-সম্পর্কিত সমস্যা আছে। তিনি মনে করেন, এসব বন্ধুই তাঁর জীবনকে অনেক বছর ধরে পরিতৃপ্ত করছে।)ইংরেজি থেকে অনূদিতজুুলিয়ান ফ্রান্সিস: উন্নয়ন পরামর্শক। মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের উন্নয়নকাজে যুক্ত রয়েছেন। ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ পুরস্কারে ভূষিত। যুক্তরাজ্যের নাগরিক।