‘কীর্তিমান’ ঢাকা ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের গ্রাহকদের পানি ও বিদ্যুতের দাম পাল্লা দিয়ে বেড়ে চলেছে। তবে এর মধ্যেও ফারাক আছে। ১৩ বছরে পানির দাম বেড়েছে ১৪ বার, যা অঙ্কের হিসাবে প্রায় আড়াই গুণ। ২০০৯ সালের জুলাই মাসে ঢাকা ওয়াসার আবাসিক পর্যায়ে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ছিল ৬ টাকা ৪ পয়সা। আগামী ১ জুলাই থেকে তা হবে ১৫ টাকা ১৮ পয়সা। অন্যদিকে ১১ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৯০ শতাংশ।

দামের ফারাক ছাড়াও মানের ক্ষেত্রে গুরুতর অভিযোগ আছে ঢাকা ওয়াসার পানি নিয়ে। ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার অভিযোগটি বেশ পুরোনো। খাওয়ার অনুপযোগী। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান একবার ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ দাবি করলে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন যাত্রাবাড়ী এলাকার এক বাসিন্দা। তিনি ওয়াসার পানি নিয়ে ওয়াসা ভবনে গিয়েছিলেন ব্যবস্থাপনা পরিচালককে সেই পানি পান করাতে। কিন্তু ওয়াসার প্রধান নির্বাহী সেই চ্যালেঞ্জ নেননি। ওয়াসার পানি নিয়ে এই অভিযোগ কেবল ওই ভদ্রলোকের নয়; ঢাকার সব মানুষেরই। ঢাকা ওয়াসার পানি পান করার অনুপযোগী হওয়ায় ঢাকার বাসিন্দাদের তিনটি বিকল্প পথ বেছে নিতে হয়—পাইপের মাধ্যমে আসা পানি ফুটিয়ে খাওয়া, গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করা এবং বাজার থেকে বোতলজাত পানি কিনে খাওয়া।

তবে ওয়াসা কেবল পানির দাম বাড়িয়েই ক্ষান্ত হয়নি, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বেতন-ভাতাও কয়েক গুণ বাড়িয়েছে। ২০০৯ সালের অক্টোবরে যখন তিনি ওয়াসায় যোগ দেন, তখন তাঁর মাসিক বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা। গত ১২ বছরে তাঁর বেতন বেড়েছে ৪২১ শতাংশ। ওয়াসা কর্তৃপক্ষ পানির দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলেছে, পানির উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচের মধ্যে প্রতিষ্ঠানটির পদাধিকারীদের বেতন ও প্রাতিষ্ঠানিক ব্যয়ও আছে।

ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতা বাড়ানোর পক্ষে যুক্তি দেওয়া হয়েছে, গত ১১ বছরে তিনি নাকি ওয়াসার শনৈঃ শনৈঃ উন্নতি করেছেন। তাঁর এই অবদান ও কৃতিত্বের জন্য পরিচালনা পর্ষদ সন্তুষ্ট হয়ে বেতন আরেক দফা বাড়িয়ে দিয়েছে। ওয়াসার পরিচালনা পর্ষদ যখন ব্যবস্থাপনা পরিচালকের কৃতিত্বে আহ্লাদিত, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াসার হাত থেকে ঢাকা শহরের পয়োনিষ্কাশন এবং খাল উদ্ধারের দায়িত্ব কেড়ে নিয়েছে ব্যর্থতা ও অযোগ্যতার কারণে।

ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা পানির দাম বাড়ানোর পক্ষে আরেকটি হাস্যকর যুক্তি দাঁড় করেছেন। তাঁর দাবি, গত মার্চে করোনা সংক্রমণের কারণে পানির দাম বাড়ানো হয়নি। গত দুই মাসে করোনার সংক্রমণ আরও বেড়েছে। করোনায় হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের সমস্যার কথা ভেবে যদি ওয়াসা মার্চে দাম না বাড়িয়ে থাকে, এখন বাড়ানোর যুক্তি নেই।

অতএব ঢাকা ওয়াসা আগামী ১ জুলাই থেকে পানির দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রত্যাহার করা হোক। করোনার এ ভয়াবহ সংক্রমণের সময় ওয়াসার পানির দাম বাড়িয়ে ঢাকার বাসিন্দাদের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেবেন না। পানির দাম বাড়িয়ে গ্রাহকদের কাছ থেকে ওয়াসা যে অর্থ পাবে, চুরি-অপচয় বন্ধ হলে প্রতিষ্ঠানটির আয় তার চেয়ে কয়েক গুণ বাড়বে।