কুকুর ও ভালুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈজ্ঞানিক নাম ওলিওরেজিন ক্যাপসিকাম। ল্যাকরাইমেটরি নামের একধরনের এজেন্ট থাকার কারণে এটা চোখে গেলে অবিরত জল ঝরতে থাকে। নাকে প্রবেশ করলে প্রবল কাশির সঙ্গে লালা ঝরে। ১৫ থেকে ২০ মিনিটের সাময়িক অন্ধত্ব নিয়ে শরীর তীব্র জ্বালা ও ব্যথায় সামনের দিকে ঝুঁকে পড়ে। যদি কারও অ্যাজমা, কোনো ধরনের শ্বাসকষ্ট থাকে এবং হূৎপিণ্ড দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে পেপার স্প্রের প্রয়োগ মৃত্যুর ঝুঁকি বাড়ায়।সম্প্রতি এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকদের শহীদ মিনারের সমাবেশ এবং বাসদ, সিপিবি ও গণতান্ত্রিক বাম মোর্চা আহূত ১৬ জানুয়ারির অর্ধদিবস হরতালের কর্মসূচি মোকাবিলায় সরকারি দমননীতির শক্তিশালী হাতিয়ার হিসেবে পুলিশ ব্যবহার করেছে পেপার স্প্রে নামের একধরনের তরল বিষ। গণমাধ্যমে প্রচারিত হয়েছে একজন শিক্ষকের মৃত্যুর কথা আর বামপন্থী দলগুলোর শীর্ষ নেতাদের ও কর্মীদের ওই বিষে জর্জরিত হওয়ার দৃশ্য দেখা গেছে টেলিভিশনের ভিডিও ফুটেজে। গণমাধ্যমের সংবাদকর্মীরা যাতে পুলিশের এই তাণ্ডবলীলার দৃশ্য সংগ্রহ না করতে পারেন, সে জন্য পেপার স্প্রে নামের এই তরল বিষ তাঁদের দিকেও ছুটে গেছে বলে অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পেপার স্প্রে ব্যবহারে মৃত্যুঝুঁকি নেই। আর এটা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক অনুমোদন রয়েছে। প্রশ্ন হলো, অনুমোদনটা দিল কে?আগ্রহী বা উদ্যোগী যে কেউ পেপার স্প্রে সম্পর্কে জানতে ওয়েবসাইটগুলোতে ঢুঁ মারতে পারেন। ১৯৯৩ সালের ইউএস আর্মির এক রিপোর্ট বলছে, পেপার স্প্রে আক্রান্ত ব্যক্তি শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতির মুখোমুখি হবেন, তাঁর হূদ্যন্ত্রের স্বাভাবিক গতি ব্যাহত হবে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হলে স্নায়ুতন্ত্রে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে।১৯৯৫ সালের লস অ্যাঞ্জেলেস টাইমস-এর এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পেপার স্প্রে ব্যবহারে ১৯৯০ সাল পর্যন্ত ৬১ জনের মৃত্যু ঘটেছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন তাদের প্রতিবেদনে জানিয়েছে ২৭ জনের মৃত্যুর কথা। জার্নাল অব ইনভেস্টিগেটিভ অপথালমোলজি বলছে, চোখের ওপর পেপার স্প্রে ব্যবহারের পুনরাবৃত্তি চোখের কর্নিয়ার স্পর্শকাতরতা ধ্বংস করে দিতে পারে, তাতে করে ধ্বংস হয়ে যেতে পারে দৃষ্টিশক্তি। ইউরোপিয়ান পার্লামেন্ট সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অপশন-অ্যাসেসমেন্ট ১৯৯৮ সালের এক ঘোষণায় বলেছে, পেপার স্প্রে ব্যবহারের পর যে প্রতিক্রিয়া হয়, তা হলো সাময়িক অন্ধত্ব, ৪০ থেকে ৬০ মিনিট পর্যন্ত ত্বকের উপরি ভাগে জ্বালাপোড়া এবং তীব্র ব্যথায় শরীর বেঁকে যাওয়া। এ ধরনের ভয়ানক একটি তরল বিষ ব্যবহারের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা অনুমোদন দিয়েছে, সেটা না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিশৃঙ্খলা দমনে পেপার স্প্রের ব্যবহার চলবেই।কিন্তু বিশৃঙ্খলাটা কী? সরকারি অনেক সিদ্ধান্ত জনগণ পছন্দ না-ও করতে পারে। জনস্বার্থবিরোধী কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষের দাবি-দাওয়া উচ্চকিত করে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে নানামুখী সমালোচনামূলক বক্তব্য প্রকাশ করার মৌলিক অধিকার সব মানুষের আছে; এটা সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার। সরকার জবাবদিহি করবে, কেননা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় সরকার। বিরোধী রাজনীতিকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে সরকারে যাঁরা থাকেন তাঁদের দায় বেশি। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পুঁজি করেই তাঁদের প্রতিশ্রুতি তৈরি হয় এবং তাঁরা সংখ্যাগরিষ্ঠ হলে নির্বাচনের পর সরকার গঠন করেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয়, যদি তাঁরা অঙ্গীকার ভঙ্গ করেন, যদি তাঁদের সম্মিলিত সিদ্ধান্ত জনস্বার্থের বিরুদ্ধে যায়, তার প্রতিবাদ করা জনগণের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদের কর্মসূচি নানা রকমের হতে পারে। ধর্মঘট, হরতাল, অবরোধ, গণজমায়েত ইত্যাদি পৃথিবীর কোথায় হচ্ছে না? কোথায় হয় না? বাংলাদেশ কি পৃথিবীর বাইরে? জ্বালানি তেলের মূল্য বারবার বাড়ানো হচ্ছে, ফলে পরিবহনভাড়াও বেড়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যবিত্ত ক্রেতা এবং স্বল্প আয়ের মানুষের দৈনন্দিন জীবনের যাতনার দীর্ঘশ্বাস প্রতিদিন এই মানচিত্রে গুমরে গুমরে কাঁদে। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, গার্মেন্টস-কর্মীদের আগুনে পোড়া কঙ্কাল ডিএনএ টেস্ট না করে বেওয়ারিশ হয়ে যায়, কিন্তু মালিকের কিছু হয় না। কলেজছাত্রীর মুখ অ্যাসিডে ঝলসে যায়, গোল্ডেন প্লাস পাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস মার্কস পায় না। ভিনদেশি দূতাবাস কর্মকর্তা অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলান, উপদেশ দেন, কেউ কেউ সব বিদেশি দূতাবাসের পছন্দের ব্যক্তিদের ডেকে ডিনার পার্টি দেন। এই একটা দেশ, যার প্রধান বৈদেশিক মুদ্রা আয় হয় প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকা আর তৈরি পোশাকশিল্পের পোশাক-কর্মীদের ঘাম ঝরানো মেহনতে। আর তাঁদেরই প্রতি যাবতীয় অবহেলা। তাঁদেরই প্রতি উপেক্ষার অনাত্মীয় চোখ। এই সবকিছু নিয়ে মানুষ কথা বললে সেটা কি বিশৃঙ্খলা? সমস্বার্থে একত্র হলে তা বিশৃঙ্খলা? অনাচারের প্রতিবাদ করলে, জবাবদিহি চাইলে বিশৃঙ্খলা? সরকারি ভাষা এমনই হয়।প্রবল শৈত্যপ্রবাহে দেশ যখন থরথর করে কাঁপছিল, প্রধানমন্ত্রী তখন গেলেন রাশিয়ায়। ঋণ করে আট হাজার কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি হলো। আট হাজার কোটি টাকায় কতগুলো কম্বল হতো? এই শীতার্ত মানুষগুলো যদি শীতবস্ত্র চেয়ে কোথাও একত্র হন, আমি নিশ্চিত, ওটাকেও বিশৃঙ্খলা বলা হবে। এই রাষ্ট্রে মানুষ বড় না। মানুষের দুঃখ বড় না। সমস্বার্থ বড় না, সত্য বড় না। জীবন ও জগৎকে দেখার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও মানবিক বোধ বড় না। বড় হলো ভোগ-বাসনা। বড় হলো প্রতিবাদহীন নুয়ে থাকা। আর যারা চক্ষুষ্মান, তাদের জন্য আনা হয়েছে পেপার স্প্রে। জানেন কি, পেপার স্প্রে হিংস্র কুকুর ও ভালুককে নিয়ন্ত্রণে প্রয়োগ করা হয়? রাষ্ট্রের চোখে আমরা বোধ হয় তাই। তাই না?মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মীই-মেইল: [email protected]