কুকুর-বিড়ালের অবাধ বিচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় প্রকাশিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে অবাধে কুকুর-বিড়াল ঘুরে বেড়ানোর প্রতিবেদনটি আমাদের হতবাক করার পাশাপাশি ব্যাপক উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে কুকুর ও বিড়ালের অবাধ বিচরণ। প্রায়ই দেখা যায়, বারান্দায় শুয়ে থাকা রোগীদের গা ঘেঁষে কুকুর ঘুরে বেড়াচ্ছে। বিড়ালের বাচ্চারা রোগীদের শয্যার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের খাবারে মুখ দিচ্ছে। কিন্তু এ নিয়ে হাসপাতালের কারও কোনো মাথাব্যথা নেই। কেউ কুকুর তাড়ানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
একটি হাসপাতালে কীভাবে কুকুর-বিড়াল ঢুকে এভাবে অবাধে বিচরণ করতে পারছে, তা আমাদের কাছে বোধগম্য নয়। চিকিৎসকেরা নিশ্চয়ই জানেন, কুকুর ও বিড়াল অনেক রোগের জীবাণু বহন করে। তা ছাড়া কুকুর জলাতঙ্ক রোগের ভাইরাস বহন করে। বিড়াল থেকে মানুষের টক্সোপ্লাজমোসিস রোগ হতে পারে। এ রোগে আক্রান্ত ব্যক্তি চোখে কম দেখাসহ নানা রকম শারীরিক সমস্যায় ভোগে। বিড়ালের চুলকানো অসুখ খুবই বিপজ্জনক। অসুস্থ বিড়ালের ক্ষত থেকে মানুষের শরীরেও এটি সংক্রমিত হয়ে থাকে। হাসপাতালের ভেতরে এভাবে অবাধে কুকুর-বিড়ালকে বিচরণ করতে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি রোগীদের এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে দিচ্ছে না? আমাদের উদ্বেগটা এখানেই।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বক্তব্য হচ্ছে, কুকুর দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। তাদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের বক্তব্য হচ্ছে, যার এলাকা, তাকেই কুকুরমুক্ত রাখতে হবে। এটা সিটি করপোরেশনের দায়িত্ব নয়।
এভাবে একে অপরের ওপর দায় চাপিয়ে দিয়ে হয়তো দায়মুক্ত হওয়া যায় কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে হালকা করে দেখছে। কিন্তু বিষয়টি মোটেও হালকা নয়। এখন হাসপাতাল কর্তৃপক্ষের উচিত অবিলম্বে হাসপাতালের ভেতর থেকে কুকুর-বিড়াল তাড়ানোর ব্যবস্থা করা। হাসপাতালে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে এটা তাদের করতেই হবে।