সহিংস সন্ত্রাসের সঙ্গে জড়িত চক্র দিনে দিনে কতটা বেপরোয়া হয়ে উঠছে তার আবার প্রমাণ মিলল গত বুধবার আশুলিয়ায় পুলিশের এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায়। এর ১৩ দিন আগে একই কায়দায় মিরপুরে খুন হয়েছেন আরেক পুলিশ সদস্য। মাঝে গত শনিবার দুটি হামলার ঘটনায় নৃশংসভাবে খুন হয়েছেন এক প্রকাশক। এসব ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি নেই বা একই গোষ্ঠী এসব ঘটাচ্ছে কি না, তা তদন্তসাপেক্ষ বিষয়, কিন্তু একের পর এক এসব ঘটনা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা উদ্যোগ বা তাদের গোয়েন্দা তৎপরতা কেন এসব থামাতে পারছে না বা ঘটনা ঘটিয়ে কীভাবে সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারছে, নতুন ঘটনা ঘটাচ্ছে, তা সত্যিই এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গাবতলীর তল্লাশিচৌকিতে পুলিশ সদস্য খুনের ঘটনার পর একই কায়দায় আশুলিয়ায় পুলিশের ওপর হামলা ও খুনের ঘটনা ঘটে কীভাবে? আর দুজন সন্ত্রাসীর হামলায় কেন সশস্ত্র পাঁচ পুলিশ সদস্য এভাবে পর্যুদস্ত হবেন? এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। দেখা যাচ্ছে পুলিশই সন্ত্রাসের শিকার এবং তারা নিজেদেরই রক্ষা করতে পারছে না। জনগণের নিরাপত্তাহীনতার ভীতি তবে কাটাবে কে?
এবার কুপিয়ে পুলিশ হত্যাএটা অনেকটাই পরিষ্কার যে সংঘবদ্ধ গোষ্ঠীর মাধ্যমে ও পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটছে। আশুলিয়ার হামলার ঘটনায় জঙ্গিরা জড়িত বলে পুলিশ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। অথচ সরকারের তরফে দেশে জঙ্গিগোষ্ঠীর অস্তিত্ব ও তৎপরতা নিয়ে নানামুখী কথা সম্প্রতি আমরা শুনেছি। নানা রাজনৈতিক বক্তব্যও শোনা যাচ্ছে। বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারের এ ধরনের আচরণের মধ্যে দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে।
আমরা মনে করি দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া এবং বাহিনীগুলোর উদ্যম ও মনোবলের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পেশাদারি মনোভাব নিয়ে কাজ করলে এই সন্ত্রাসী চক্রকে চিহ্নিত ও সামাল দেওয়া কঠিন হবে না।
নিহত পুলিশ কনস্টেবল মুকুল হোসেনের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।