গত বুধবার সরকার-সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে কুমিল্লা মেডিকেল কলেজ। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ করা হয়েছিল। যদিও শিক্ষার্থীদের আন্দোলনের চাপে পরের দিনই ঘোষণা তুলে নেয় কর্তৃপক্ষ। তারও আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে একজন ছাত্রনেতাকে জীবন দিতে হয়েছে প্রতিপক্ষের হাতে।
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রলীগের বাইরে অন্যান্য ছাত্রসংগঠনের তৎপরতা কার্যত নেই। কোথাও ছাত্রলীগ তাদের ঢুকতে দিচ্ছে না, কোথাওবা তারাই ভয়ে আসছে না। এই সুযোগে সরকার-সমর্থক ছাত্রসংগঠনটির নেতা-কর্মীরা হয়ে উঠেছেন আরও বেপরোয়া। শিক্ষাঙ্গনে তাদের দৌরাত্ম্য কি চলতেই থাকবে?
এখানে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সরকার যেখানে দাবি করছে, দেশে পূর্ণ গণতান্ত্রিক শাসন বিরাজ করছে, সেখানে ছাত্রলীগের বাইরে অন্য কোনো ছাত্রসংগঠন ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারছে না কেন? কেনই-বা ছাত্রলীগ একের পর এক মাস্তানি-সন্ত্রাসী ঘটনা ঘটাবে? এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা কী?
এসব ক্ষেত্রে কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের শাস্তি দেওয়া এবং ছাত্রলীগকে রক্ষার যে নীতি নিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলেজ বন্ধ করলেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে কোনো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি। এমনকি যেই সংগঠনের নামে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, সেই সংগঠনও সংশ্লিষ্টদের সাময়িক বহিষ্কার করে দায়িত্ব শেষ করছে।
এ ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের সন্ত্রাসের কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। বরং সেই সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কুমিল্লা মেডিকেল কলেজ অবিলম্বে খুলে দেওয়া হোক। এক দিন এই বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ থাকলে শিক্ষার্থীরা যে কী অপরিসীম ক্ষতি ও দুর্ভোগের শিকার হন, তা কর্তৃপক্ষ এবং তাদের নেপথ্যের মোড়লেরা উপলব্ধি করতে পারেন বলে মনে হয় না।