দখলদারদের দৌরাত্ম্যে নদীমাতৃক বাংলাদেশের নদীই হারিয়ে যেতে বসেছে। কুমিল্লার ফুসফুস বলে পরিচিত গোমতী নদীর দুই পাড় থেকে ইচ্ছেমতো মাটি কেটে নিচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা। বর্ষার মৌসুমে অন্যান্য নদীর মতো গোমতীও কানায় কানায় পূর্ণ থাকে। সে সময় বালু উত্তোলন কিংবা মাটি কাটা সম্ভব নয়। এ কারণে দখলদারেরা শীতকালকেই বেছে নেন।
কুমিল্লা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবরে বলা হয়, শীত এলেই কুমিল্লার গোমতী নদীর পাড় ও নদীর বাঁধের ভেতরের মাটি কেটে সাবাড় করা হয়। সম্প্রতি কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় গিয়ে দেখা যায়, কোথাও ড্রেজার দিয়ে বালু উত্তোলন হচ্ছে। কোথাও নদীর বাঁধের ভেতরের ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। আবার কোথাও নদীর বাঁধ ও সড়ক কেটে পাইপ দিয়ে বালু ফেলে জলাশয় ভরাটের তোড়জোড় চলছে। নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়ার কারণে পানির স্তর মাপার স্থান ও বৈদ্যুতিক খুঁটিটি অত্যন্ত ঝুঁকিতে আছে।
জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি উপজেলার কলাতিয়া পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ গোমতী। এর মধ্যে শহরের গা ঘেঁষে রয়েছে সাড়ে চার কিলোমিটার, শহরের ভেতরে রয়েছে সাড়ে পাঁচ কিলোমিটারসহ মোট ১০ কিলোমিটার। নদীর উভয় তীরে ১৩৫ কিলোমিটার শহররক্ষা বাঁধ আছে। নব্বইয়ের দশকে নদী থেকে বালু উত্তোলন শুরু হয় এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ইজারা নিয়ন্ত্রণ করে থাকেন।
নদী রক্ষার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তারা বলছে, নদীর পাড় কাটা বন্ধ করতে যে লোকবল দরকার, তা তাদের নেই। এ বিষয়ে জেলা প্রশাসনের সহায়তা দরকার। অন্যদিকে জেলা প্রশাসন বলছে, খবর পেলেই তারা ব্যবস্থা নিচ্ছে। তারা যদি ব্যবস্থাই নেবে তাহলে যত্রতত্র নদীর পাড় কাটা ও বালু উত্তোলন হচ্ছে কীভাবে? নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অসত্য বক্তব্যের আশ্রয় নিয়ে থাকেন, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তঁাদের উচিত সাহস করে সত্য কথা বলা যে কোন কোন প্রভাবশালী ব্যক্তি কিংবা জনপ্রতিনিধির জন্য গোমতীকে রক্ষা করতে পারছেন না। লোকদেখানো জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ করেও কোনো ফল পাওয়া যাবে না।
অবিলম্বে গোমতীর সব বালু উত্তোলনের সব ইজারা দেওয়া বন্ধ হোক।