কুরিয়ার সার্ভিসে মাদক পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

এক স্থান থেকে আরেক স্থানে কিংবা এক দেশ থেকে আরেক দেশে মাদকদ্রব্য পাচার হয় মূলত সরাসরি যাত্রীদের মাধ্যমে। মাদক পাচারকারীরা এ জন্য পেশাগত কিছু বাহক বাছাই করে থাকে, যারা নির্দিষ্ট পণ্যটি গন্তব্যে পৌঁছে দেওয়ার বিনিময়ে অর্থ পেয়ে থাকে। কিন্তু করোনাকালে নৌ, সড়ক কিংবা বিমানপথে মানুষের যাতায়াত সীমিত হয়ে পড়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের ঘটনা বেড়েছে।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, তৈরি পোশাকের আড়ালে গত বছর অস্ট্রেলিয়ায় ইয়াবা তৈরির কাঁচামাল অ্যামফিটামিন পাচার করছিল একটি চক্র। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কেজি অ্যামফিটামিন উদ্ধার করা হয়। এর আগে আরেকটি বহুজাতিক কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউস থেকে ছয়টি ট্রাভেল ব্যাগভর্তি ৩ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে সংস্থাটি। এই চালান সৌদি আরবে পাঠানো হচ্ছিল।

মামলার তদন্ত করতে গিয়ে ডিএনসি জানতে পেরেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে মাদক পাচার হচ্ছে। আবার বিদেশ থেকেও প্রচুর মাদক দেশের ভেতরে ঢুকছে। সর্বশেষ দেশে আসা নতুন মাদক এলএসডি এসেছে একটি আন্তর্জাতিক কুরিয়ারে। আরও দুটি মাদকদ্রব্য খাট ও আইস বা ক্রিস্টাল মেথও একইভাবে দেশে আসে। কুরিয়ার সার্ভিসে মাদক পাচারের অভিযোগে গত এক বছরে ২০টি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি বিচারাধীন। অন্য মামলাগুলো তদন্তাধীন।

পরিস্থিতি উদ্বেগজনক হলেও মাদক পাচার রোধে কার্যকর পদক্ষেপ আছে বলে মনে হয় না। আন্তর্জাতিক কুরিয়ার সংস্থাগুলোর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করে দেশীয় কুরিয়ার প্রতিষ্ঠানগুলো এবং মাদক ধরা পড়লে একে অপরের ওপর দায় চাপানোর চেষ্টা করে। সাম্প্রতিক কালে কুরিয়ার ব্যবসা রমরমা। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০০ কুরিয়ার প্রতিষ্ঠান আছে, যার মধ্যে বেশির ভাগই অননুমোদিত। যেখানে অনুমোদিত প্রতিষ্ঠানকেই জবাবদিহির আওতায় আনা যায় না, সেখানে অননুমোদিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। অনেক কুরিয়ার প্রতিষ্ঠানে স্ক্যানার মেশিন ও প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল নেই। ফলে ওই সব প্রতিষ্ঠান থেকে সহজেই মাদকসহ অবৈধ পণ্যাদি আনা–নেওয়া হয়ে থাকে।

সরকারি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক, মাদক পাচার বন্ধ করতেই হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরে কেউ কুরিয়ার সার্ভিস পরিচালনা করতে পারবে না। যারা অনুমোদন নেবে, তাদের সব শর্ত মেনে চলতে হবে। দৈনিক পণ্যের লেনদেনের হিসাব কর্তৃপক্ষের কাছে দিতে হবে। কেবল দেশীয় অপরাধীদের শাস্তি দিলে হবে না; মাদক পাচারের সঙ্গে যেসব আন্তর্জাতিক চক্র জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। মাদক পাচারবিরোধী আন্তর্জাতিক আইন ও কনভেনশন সব দেশ মানতে বাধ্য।

মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা যে নিষ্ফল রোদনে পরিণত হচ্ছে, তার কারণ মাদকের উৎস বন্ধ করতে না পারা। কেবল কুরিয়ার সার্ভিস নয়, নানা পথেই দেশে মাদক আসছে। তাই স্থল, বিমান ও নৌপথে কঠোর নজরদারির বিকল্প নেই।