কুড়িগ্রামে 'একই কায়দায়' হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলে করে এসে ঢাকায় ইতালীয় নাগরিক সিজার তাবেলা, রংপুরে কুনিও হোশি, পঞ্চগড়ে মঠপ্রধান যজ্ঞেশ্বরকে হত্যা ও দিনাজপুরে এক খ্রিষ্টান ধর্মযাজককে হত্যাচেষ্টার ধারাবাহিকতায় এবার কুড়িগ্রামে হোসেন আলীকে হত্যা করা হয়েছে। প্রতিটি ঘটনায় একটি মোটরসাইকেলে তিনজন করে দুর্বৃত্তের অংশ নেওয়াকে পরিকল্পিত ভাবাটাই সম্ভবত সমীচীন। কিন্তু সর্বশেষ হত্যাকাণ্ডটিও ঘটিয়ে দুর্বৃত্তদের নিরাপদে পালিয়ে যেতে পারাটা আবারও নির্দেশ করছে যে দুর্বৃত্তরা সমাজে পুলিশের উপস্থিতিকে আর বড় বাধা মনে করছে না।
হোসেন আলী মুক্তিযুদ্ধে নৌ কমান্ডের রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কুড়িগ্রামে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি বলেছেন, তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করার কারণে এলাকার যাঁরা তাঁর প্রতি কিছুটা মনোক্ষুণ্ন হয়েছিলেন, তাঁরাও বরং বলছেন যে ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম। ধর্মবদলের কারণে যদি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, তবে তা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। গতকাল এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে এ ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়েছে।
বিশ্বব্যাপী জঙ্গিবাদের যে বিপদ মাথাচাড়া দিয়ে উঠেছে, বাংলাদেশ এর বাইরে নয়। তবে এতে কোনো সন্দেহ নেই যে এ ধরনের শক্তি গণতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৈন্যের মধ্যে বেশি বেড়ে ওঠে। হত্যাকাণ্ডের কারণ যা-ই হোক না কেন, এটা একটা পুলিশি ব্যর্থতা। গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও তারা তিনজন স্থানীয় লোককে জিজ্ঞাসাবাদের নামে থানা–হাজতে রেখেছে।
স্বাধীনতার মাসে ধর্মীয় স্বাধীনতাবিনাশী চক্রের হাতে হোসেন আলী খুন হলেন কি না, তার সুষ্ঠু তদন্ত দরকার। ১৯৯৮ সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করার কারণে ১৮ বছর পরে স্বাধীনতার মাসে যদি মুক্তিযোদ্ধা হোসেন আলীকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ‘একই কায়দার’ সন্ত্রাসমূলক হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তবে তা চরম দুর্ভাগ্যজনক। আমরা চাই অবিলম্বে খুনিরা শনাক্ত হোক ও তাদের আইনের আওতায় আনা হোক।