কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ নদীভাঙনের এক চক্রের মধ্যে আটকা পড়েছে। এ চক্র থেকে যেন তাদের মুক্তি নেই। যখন পানি বাড়তে থাকে, তখনো নদীর পাড় ভাঙে; আবার পানি যখন কমতে থাকে, তখনো ভাঙন। এখন পানি বাড়ার সময় জেলার তিস্তাপারের ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ১৫টি জায়গা নদীভাঙনের বিপদের মুখে রয়েছে।
এ ভাঙন পরিস্থিতি নিয়ে প্রথম আলোতে গতকাল একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শিরোনাম ‘নদীর কাছাড় ভাঙে, আর হামার বুকে শিলা নাগে’। এই প্রতিবেদনের সঙ্গে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি ছবিও ছাপা হয়েছে। ভাঙনের মুখে থাকা উঠানে বসে কাজ করছেন এক নারী। বোঝা যায়, কতটা অনিশ্চয়তার মধ্যে প্রতিটি মুহূর্ত কাটছে!
সেখানকার চর নাখেন্দা গ্রামের জয়েদুল ইসলাম আগে তিস্তা নদীর যে পারে থাকতেন, দুই দফা ভাঙনের মুখে পড়ে পার বদল করেছেন। এখন পড়েছেন তৃতীয় দফা ভাঙনের মুখে। এক বছরের মধ্যে তিন দফা ভাঙনের মুখোমুখি হয়ে এখন কোথায় যাবেন তিনি? তাই যখন নদীর কাছাড় (পাড়) ভাঙে, তখন তাঁর বুকে শিলা এসে লাগে।
নদীর এ কূল ভাঙে আর ও কূল গড়ে—নদীর এই ‘খেলা’ বা প্রকৃতির ওপর দায় চাপিয়ে তিস্তাপারের মানুষগুলোর এ অসহায়ত্বকে জায়েজ করা যাবে কি? আমরা তো এসব সমস্যা এখন আর প্রকৃতির ওপর ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না। সমস্যাটি আসলে তিস্তাপারের এই মানুষগুলোর দিকে নজর দেওয়ার বা তাকানোর কেউ নেই। এ কুড়িগ্রাম জেলা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল হিসেবে বিবেচিত।
নদীতে পানি বাড়ার মৌসুম শুরু হওয়ার পর কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় সাড়ে ৩০০ বসতভিটা এ পর্যন্ত ভাঙনের মুখোমুখি হয়েছে। এই মানুষগুলোর অনেকের আশ্রয়স্থল এখন পানি উন্নয়ন বোর্ডের তীররক্ষা বাঁধ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কোথাও কোথাও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। এসব তাৎক্ষণিক উদ্যোগে কাজের কাজ কিছু হয় না, অতীতেও হয়নি। মাঝখান দিয়ে কিছু অর্থ নদীতে ঢালা হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশার কথা শোনাতে চেয়েছেন। বলেছেন, সরকার স্থায়ীভাবে ভাঙন রোধে ৮ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ তিস্তা প্রকল্প আসলে এখনো দূরবর্তী একটি বিষয়। এ প্রকল্প গ্রহণ বা এর অর্থায়নের সঙ্গে আঞ্চলিক ভূরাজনীতির সম্পর্ক ও হিসাব-নিকাশ রয়েছে। এটা সময়সাপেক্ষ, তাতে কোনো সন্দেহ নেই। এ প্রকল্প বাস্তবায়নের আশা দেখানোর অর্থ নদীভাঙনের শিকার লোকজনের সামনে দীর্ঘ অপেক্ষার মুলা ঝুলিয়ে রাখা।
পানি উন্নয়ন বোর্ডের উচিত এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়নে আগের সময়গুলোতে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা বিবেচনায় নেওয়া। সে ধরনের অন্তর্বর্তী একটি পরিকল্পনা গ্রহণ করে নীতিনির্ধারকদের বোঝানো ও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। উপেক্ষিত কুড়িগ্রাম জেলার নদীভাঙনের শিকার মানুষগুলো সেই গুরুত্ব পাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।