কক্সবাজারের পরই বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কুয়াকাটা। সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটিই শুধু এ সৈকতে উপভোগ করা সম্ভব। যদিও পর্যটনের দিক দিয়ে কক্সবাজার–সেন্ট মার্টিন থেকে পিছিয়ে আছে কুয়াকাটা। সমুদ্রসৈকতটিকে আরও বেশি পর্যটকবান্ধব করে তুলতে বিভিন্ন সময় নানা পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে এর প্রতিফলন দেখা যায় না। এর মধ্যে সৈকত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর উদ্বেগজনক। সৈকত এলাকার সীমা নির্ধারণে মামলা নিয়ে জটিলতার মধ্যে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কুয়াকাটাকে পরিকল্পিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি হুমকিস্বরূপ।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সৈকতের পশ্চিম দিকে লোহার খুঁটি ও টিনের পাটাতন বসিয়ে স্থাপনা নির্মাণের কাজ চলছে। জোয়ারের পানি থেকে স্থাপনাটি রক্ষায় বালুভর্তি জিও ব্যাগও ফেলা হয়েছে। সৈকতেরই বালু দিয়ে ব্যাগগুলো ভর্তি করা হয়েছে। পাশেই টিনের দ্বিতল আরেকটি স্থাপনা রয়েছে। ওপরের তলায় আবাসিক হোটেলের মতো ব্যবহার করা হয়। নিচে শামুক-ঝিনুকের মার্কেট ও রেস্তোরাঁ। টিনের স্থাপনাটি ২০১২ সাল থেকে সৈকতের ওপর দাঁড়িয়ে আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এটি উচ্ছেদ করা যাচ্ছে না। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ঢাকার এক ব্যবসায়ী সৈকতের বালুচরে ওই স্থাপনা গড়ে তুলছেন বলে অভিযোগ। যদিও সৈকতের ওই জমি ক্রয়সূত্রে নিজের মালিকানা দাবি করেছেন তিনি।
২০১১ সালে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি সৈকত এলাকার সীমানা নির্ধারণ এবং নতুন করে দখল ও নতুন স্থাপনা যাতে নির্মাণ করা না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছিল। এরপর জেলা প্রশাসন ২২৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে তার ৯০ শতাংশই উচ্ছেদ করে। বাকিগুলো মালিকপক্ষের মামলা জটিলতার কারণে ভাঙা সম্ভব হয়নি। মামলা কার্যক্রম দীর্ঘায়িত করতে নানা প্রভাব কাজ করছে এখানে। মামলা নিষ্পত্তির এ সময়ক্ষেপণের সুযোগে নতুন করে অবৈধ স্থাপনা করা হচ্ছে।
এভাবে সৈকতে স্থাপনা নির্মাণকে অবৈধ বলেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। তাদের ভাষ্য, বেড়িবাঁধের বাইরে যত জমি আছে এবং যে পর্যন্ত জোয়ারের পানি তীরভূমিতে উঠে আসে, সেই পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ওই জমি ব্যক্তিমালিকানার হলেও ইচ্ছেমতো কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বাংলাদেশ পানি আইনে বিষয়টি উল্লেখ রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, কাজ বন্ধ রেখে স্থাপনা নির্মাণের পক্ষে জমির মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। কাগজপত্র পাওয়ার পরই এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন তিনি কী পদক্ষেপ নেন, সেটিই দেখার বিষয়।