কুয়েতে আটক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সর্বগ্রাসী থাবায় বাংলাদেশের জনজীবন যখন বিপন্ন, প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে, তখনো বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ থেমে নেই। এই ভাইরাসের প্রভাবে হত্যাচেষ্টা মামলার আসামিদের নির্বিঘ্ন ব্যাংককযাত্রা নিশ্চিত করা যাচ্ছে। মানব ও মুদ্রা পাচারের সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত ব্যক্তিরা সাংসদ নির্বাচিত হচ্ছেন।

বাংলাদেশের একজন আইনপ্রণেতা কুয়েতে মানব ও মুদ্রা পাচারের অভিযোগে আটক হয়েছেন—এটা পুরো দেশের জন্য একটি লজ্জাজনক বিষয়। এই সাংসদের নাম কাজী শহিদ ইসলাম ওরফে পাপুল। তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ। গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৮৯ সাল থেকে তিনি স্থায়ীভাবে কুয়েতে বসবাস করেন। সেখানে একটি কোম্পানির প্রধান নির্বাহী। তারপরও তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য। তাঁর স্ত্রীও সংরক্ষিত নারী আসনে সদস্য হয়েছেন। ২০১৮ সালের আগে রাজনীতির সঙ্গে এই দুজনের সরাসরি যুক্ততা ছিল না।

তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু কোন পরিস্থিতিতে নির্বাচিত হয়েছেন, সেটা বিবেচনাযোগ্য। ওই আসন মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচনের ১৫ দিন আগে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সরে দাঁড়ালে এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলামের পক্ষে অবস্থান নিলে তাঁর নির্বাচিত হওয়ার পথ সুগম হয়ে যায়। রাজনীতিতে এসব কেন ঘটে, তা আমরা অনুমান করতে পারি। 

গত সোমবার গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকা থেকে শহিদ ইসলামকে গ্রেপ্তার করে দেশটির সিআইডি। তাঁর বিরুদ্ধে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগ আছে। সিআইডি কর্মকর্তারা পাঁচ বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে সাংসদ তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিন হাজার দিনার নিয়েছেন। এ ছাড়া ভিসা নবায়নের জন্য বাড়তি টাকা নিয়েছেন। 

সম্প্রতি কুয়েতের পার্লামেন্টে মানব পাচার নিয়ে আলোচনা হয় এবং তাঁরা একমত হন যে দেশি-বিদেশি যার বিরুদ্ধেই মানব পাচারের অভিযোগ পাওয়া যাবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিচার করা হবে। সাংসদ শহিদ ইসলামের গ্রেপ্তার কুয়েত সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন বলে ধারণা করা যায়। 

 গত ফেব্রুয়ারিতে প্রথম তাঁর বিরুদ্ধে মানব পাচারের খবর বের হয়। তখন তিনি সেই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। এবারও তাঁর স্ত্রী বলেছিলেন, তিনি গ্রেপ্তার হননি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিআইডি ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁর গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে দূতাবাসকে কিছু জানায়নি। 

শহিদ ইসলাম এবার কুয়েত গেছেন সবুজ পাসপোর্টে। সাংসদেরা কূটনৈতিক পাসপোর্ট পান। কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার আগে সবুজ পাসপোর্ট জমা দিতে হয়। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে একজন প্রতিমন্ত্রী দ্বৈত পাসপোর্ট ব্যবহারের কারণে পদচ্যুত হয়েছিলেন। শহিদ ইসলাম একসঙ্গে দুই পাসপোর্ট রাখলেন কীভাবে? 

দুর্নীতি দমন কমিশন তাঁর স্ত্রী, মেয়ে ও শ্যালিকার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে বলে পত্রিকায় খবর এসেছে। তবে তঁাদের ‘প্রস্তুতি’ নেওয়ার আগেই সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করেন কি না, সেটাই এখন দেখার বিষয়। কারণ, হত্যাচেষ্টায় অভিযুক্ত ব্যক্তিদের এয়ার অ্যাম্বুলেন্সে দেশত্যাগ করার নজির তো খুব পুরোনো হয়নি। 

শহিদ ইসলামের ঘটনাটি রাজনৈতিক দুর্নীতি-দুর্বৃত্তায়নের এক বড় দৃষ্টান্ত। পররাষ্ট্রমন্ত্রী বিলম্বে হলেও স্বীকার করেছেন, বিদেশে একজন সাংসদের গ্রেপ্তার হওয়ার ঘটনা দেশের জন্য লজ্জাজনক। এখন প্রশ্ন হলো সরকার সেই লজ্জা অপনোদনের জন্য আদৌ কিছু করবে তো?