বাংলাদেশ জঙ্গিবাদে মদদদানের নির্দিষ্ট অভিযোগে ঢাকার পাকিস্তান হাইকমিশনের একজন কূটনীতিককে প্রত্যাহারের কয়েক দিনের মধ্যে পাকিস্তান ইসলামাবাদে কর্মরত একজন বাংলাদেশি কূটনীতিককে প্রত্যাহারের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। যদিও এটা ঠিক যে এ ধরনের পরিস্থিতিতে কারণ দেখানো বাধ্যতামূলক নয়, তদুপরি পাকিস্তান যদি তার পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা না করে, তাহলে বিষয়টিকে প্রতিশোধমূলক হিসেবে গণ্য করার অবকাশ থাকবে।
এটা প্রতিষ্ঠিত যে পররাষ্ট্রনীতিতে আবেগের জায়গা নেই। কেবল জাতীয় স্বার্থ রক্ষা ও যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতেই অনেক ভেবেচিন্তে কূটনীতিতে পা ফেলতে হয়। কারণ, পররাষ্ট্রনীতি এমন একটি বিষয় যেখানে কোনো একটি পদক্ষেপের বহুমাত্রিক তাৎপর্য থাকতে পারে। কারণ, বিষয়টি অনেক সময় কেবলই দ্বিপক্ষীয় থাকে না, সংশ্লিষ্ট রাষ্ট্রের মিত্রদের প্রভাবিত করে। সুতরাং আবেগাশ্রয়ী সিদ্ধান্ত নেওয়া হলে তা অসাবধানী পদক্ষেপের নজির তৈরি করবে। এর আগে পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার ইরফান রাজাকে প্রত্যাহার করে নিতে বলা হলেও পাকিস্তানের তৎকালীন সরকার কোনো পাল্টাপাল্টি মনোভাব দেখায়নি।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশি কূটনীতিককে প্রত্যাহার করতে বলাটা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হয়নি।’ এর অর্থ দাঁড়ায় বাংলাদেশ সার্কসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার অভিন্ন সদস্য হিসেবে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখাকে যথাযথ গুরুত্ব প্রদান করে এবং আশা করে যে পাকিস্তান এমন সব পদক্ষেপ নেবে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য যথেষ্ট সহায়ক বলে বিবেচিত হবে।
এর আগে সার্ক শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে যে আগামী সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তানে অনুষ্ঠিত হবে। সার্কের উন্নয়ন প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার সুবিদিত। সুতরাং পাকিস্তানের কাছে কূটনৈতিক শিষ্টাচার প্রত্যাশিত। যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে পাকিস্তানের উষ্মা প্রকাশ ছিল অযাচিত ও দুঃখজনক, যার প্রতিবাদ পাকিস্তানের নাগরিক সমাজ থেকেও উচ্চারিত হয়েছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র গণহত্যার বিচার-প্রক্রিয়াকে অযথা প্রশ্নবিদ্ধ করার নীতি গ্রহণ করতে পারে না।
আশা করি পাকিস্তান শুভবুদ্ধির পরিচয় দেবে। দ্রুত টানাপোড়েন কাটিয়ে দুই দেশের সম্পর্কের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: