দেশের চলমান সহিংসতা নিয়ন্ত্রণে শান্তিপূর্ণ সমাধান খোঁজার যে পরামর্শ বিদেশি কূটনীতিকেরা দিয়েছেন, তা সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে। সরকারের কোনো কোনো মহল থেকে শক্তিবলে সমাধানের যে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তা মঙ্গলজনক হবে না বলেই আমাদের ধারণা। কোনো যুক্তিতেই ক্ষমতাসীন ও বিরোধী দলের ভাষা এক হতে পারে না। বিরাজমান পরিস্থিতিতে জামায়াত-শিবিরের সহিংসতা আইনি পন্থায় কঠোরভাবে বাগে আনার যুক্তি বোধগম্য। কিন্তু এর মধ্যে যতটুকু রাজনৈতিক, তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। সে কারণে সংলাপে বর্তমান সরকারের অব্যাহত ঔদাসীন্যের দ্রুত যবনিকাপাত ঘটানো প্রয়োজন। ঢাকায় কর্মরত ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের এবং জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবহিতকরণের উদ্যোগ নিশ্চয়ই ইতিবাচক। তবে এ থেকে প্রতীয়মান হয়, সাধারণ নির্বাচন সামনে রেখে ব্যাপকভিত্তিক রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা গভীর উদ্বেগ অনুভব করছেন। তাঁরা সব দলের অংশগ্রহণভিত্তিক নির্বাচনের ওপর যে গুরুত্ব আরোপ করেছেন, তা দেশবাসীরও মনের কথা। এ সমস্যার সমাধানে দুই পক্ষকেই খোলামনে আলোচনা করতে হবে। আশা করি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রস্তাব বিরোধী দল ইতিবাচক দৃষ্টিতে নেবে। অস্বীকার করার উপায় নেই, মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি কিছুটা আড়ালে চলে গেছে এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকেরা জানতে চেয়েছেন, বর্তমান সহিংসতার সঙ্গে আগামী নির্বাচনের যোগসূত্র আছে কি না। বর্তমান সহিংসতা দ্রুত সামাল দেওয়া না গেলে পর্যায়ক্রমে তা নির্বাচন-সংক্রান্ত সংঘাতের দিকে গড়াতে পারে। বিএনপিকে বুঝতে হবে, সহিংসতা শুধু সরকারের জন্য নয়, তাদেরও বেকায়দায় ফেলবে। দলটি এটাও লক্ষ করবে যে বিদেশি কূটনীতিকেরা যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে সরাসরি বা নির্দিষ্টভাবে প্রশ্ন তোলেননি। অতএব এর সঙ্গে নির্বাচনকেন্দ্রিক রাজনীতিকে এক করে দেখা ঠিক হবে না। আগামী নির্বাচন সরকার ও বিরোধী দলের জন্য কঠিন চ্যালেঞ্জ। কোনো পক্ষেরই এমন কিছু করা উচিত হবে না, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। নির্বাচন কমিশনের সামনেও এখনো কিছু কাজ বাকি পড়ে আছে, যা দ্রুত সম্পাদনের জন্য স্থিতি অপরিহার্য। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এই বাস্তবতা অনুধাবনে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা যে দেশ ও জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে, তা বলার অপেক্ষা রাখে না। আমরা মনে করি, শান্তিপূর্ণ উপায়ে সমাধান খোঁজার জন্য বিদেশি কূটনীতিকদের পরামর্শদানের মধ্যে কী তাৎপর্য রয়েছে, তা ক্ষমতাসীন দলকে আশু বিবেচনায় নিতে হবে। দেশে শান্তি ও শান্তিপূর্ণ নির্বাচন চাইলে অবিলম্বে সংলাপের উদ্যোগ নেওয়ারও বিকল্প নেই। বিরোধী দলকেও তাতে বাস্তবসম্মত সাড়া দিতে হবে।