মাহবুব হোসেনের জন্ম ১৯৪৫ সালের ২ জানুয়ারি নানাবাড়ি নদীয়ার কৃষ্ণনগরে। বড় হয়েছেন দাদাবাড়ি চুয়াডাঙ্গায়। ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে ব্রিটেনের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে ব্র্যাকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন যুক্ত ছিলেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট থেকে বাংলাদেশে সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে তাঁর একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সাক্ষাত্কার নিয়েছেন ইফতেখার মাহমুদ ও আহসান হাবীবপ্রথম আলো সরকার ও বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধান খাদ্যদ্রব্যগুলোর (চাল, আলু, সবজি) উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তার পরও বছরের একটা সময় এসবের সংকট দেখা যায়, দাম বাড়ে। সমস্যাটা কোথায়?মাহবুব হোসেন বড় সমস্যা হলো দামের উত্থান-পতন। শাকসবজি, আলুর মতো পচনশীল দ্রব্য উৎপাদনের পর দাম কমে যায় আর মৌসুমের শেষ দিকে দাম বাড়ে। কৃষকেরা উৎসাহিত হয়, ভাবে ভালো দাম পাবে। কিন্তু যখন ফসল ওঠে, তখন দাম পান না। তবে চালের দামের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের প্রভাব আছে। চালের দাম এখনো আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের আয় যে হারে বাড়ছে, তার তুলনায় মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। যে পর্যায়ে নেমে গিয়েছিল, সেটা ছিল অস্বাভাবিক। প্রথম আলো আলু বা সবজির দামের ক্ষেত্রে ব্যাপক উত্থান-পতন দেখা যাচ্ছে... মাহবুব হোসেন আলু বা সবজির ক্ষেত্রে প্রধান সমস্যা, এগুলো পচনশীল দ্রব্য। সুতরাং কৃষকেরা ধরে রাখতে পারেন না। শাকসবজি তো আর কৃষকের মজুদ করার কোনো ক্ষমতা নেই। মজুদ করতে গেলে হিমাগার লাগে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে হিমাগারের ওপর বিনিয়োগ তেমন হয়নি। গত ১০-১৫ বছরে আলু ও শাকসবজির উৎপাদন প্রচুর বেড়েছে। যখনই ফসল উঠছে, তখনই চাষিরা তা বাজারে ছাড়ছেন। কিন্তু এই দ্রব্যগুলোর চাহিদা তো বছরব্যাপী। সুতরাং একটা সময় চাহিদার তুলনায় অনেক বেশি জোগান আসে বাজারে, ফলে দাম পড়ে যায়। আবার সংরক্ষণ করে না রাখতে পারলে মৌসুম শেষে সংকট দেখা দেয়।প্রথম আলো আলুর ক্ষেত্রে এ পরিস্থিতিটা অনেক ব্যাপক মাত্রায় লক্ষ করা যাচ্ছে। মাহবুব হোসেন আলুর উৎপাদনের ওঠা-নামাটা সাংঘাতিক। আমাদের কৃষকেরা এখন আগের যেকোনো সময়ের তুলনায় দামের ক্ষেত্রে বেশি সংবেদনশীল। এখন তাঁরা লাভ-লোকসান বিচার করেই ঠিক করেন কোন জমিতে কী ফসল করবেন। গত বছরের আগের বছর আলুর অতি উৎপাদনে এমন সংকটেই আমরা পড়েছিলাম যে গরিব লোকজন কী করে আরেকটু বেশি আলু খেতে পারে, এ নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছিল। সে বছর কৃষক ভালো দাম না পাওয়ায় পরের বছর আলু আবাদের জমি কমে গেল। আলু চাষের অনেক জমি চলে গেল বোরো চাষে। গত বছর একপর্যায়ে আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। চাষিরা মনে করেছেন এ বছর আলুতে ভালো লাভ হবে। অনেকে আলু করেছেন, এমনকি যেসব জায়গায় বোরো ধান করা হতো, সেসব জায়গায় আগাম আলু করে ফসল তুলে নিয়ে সেখানে বোরো করা যায় কি না, এ রকমও চিন্তা-ভাবনাও হয়েছে। প্রথম আলো এই চক্র থেকে বের হতে হলে কী কী উদ্যোগ প্রয়োজন?মাহবুব হোসেন আমরা যদি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ওপর নজর না দিই, তাহলে দামের ওঠা-নামা চলতেই থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রপ্তানি। যে সময় উদ্বৃত্ত উৎপাদন হবে, সে সময় আমরা যদি বিদেশের বাজারে পণ্যটা নিতে পারি, তাহলে হয়তো দাম ধরে রাখা সম্ভব হবে। তবে আন্তর্জাতিক বাজারে শাকসবজি নিয়ে ঢোকাটা খুবই কষ্টকর। বিদেশি ভোক্তাদের যদি আমরা নিশ্চিত করতে না পারি যে, এই দ্রব্যগুলো নিরাপদ, তাহলে বিদেশি বাজারে ঢোকা দৃশ্যত খুবই মুশকিল। এখনো কিছু রপ্তানি হচ্ছে, কিন্তু সেটা সেখানে বসবাসরত বাংলাদেশি বা কাছাকাছি অঞ্চলের ভোক্তাদের জন্য। বৃহত্তর পশ্চিমা বাজারে ঢুকতে না পারলে শাকসবজির বাজারকে স্থিতিশীল রাখা খুবই কষ্টকর হবে। বাজার স্থিতিশীল না থাকলে শেষ পর্যন্ত কৃষক সুবিধা পান না। আলু নিয়ে এই সংকট মোকাবিলা করার জন্য দাম নিয়ন্ত্রণটাই হলো নীতির বড় জায়গা। প্রথম আলো কীভাবে এই মূল্য নিয়ন্ত্রণ সম্ভব?মাহবুব হোসেন জোগান বা চাহিদাতে হস্তক্ষেপ করার মাধ্যমে এটা সম্ভব। ধানের ক্ষেত্রে যেমন উৎপাদনের পর সরকার ধান সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করলে যখন দাম খুব বেড়ে যাবে তখন সরকার খোলাবাজারে বিক্রির মাধ্যমে দামটা কমিয়ে নিয়ে আসতে পারে। আলুর ক্ষেত্রে সংরক্ষণ ছাড়া আর কোনো পথ নেই। শুধু গুদামের ব্যবস্থা থাকলে হবে না, এই গুদামগুলো হিমাগার হিসেবে রূপান্তরিত করতে হবে। এটা করতে গেলে বেসরকারি বিনিয়োগ লাগবে। এজন্য বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ অপরিহার্য উপাদান। বিদ্যুতের নিয়মিত সরবরাহ না থাকায় হিমাগারে বিনিয়োগ করতে গেলে জেনারেটর বা অন্যান্য খাতে খরচ অনেক বেড়ে যায়। হিমাগারের খরচ তখন কৃষক ঠিকমতো দিতে পারবেন না। এখন বাংলাদেশ ব্যাংক হিমাগারে বিনিয়োগের জন্য একটি বিশেষ সুবিধা দিচ্ছে, এটা একটি ভালো উদ্যোগ। প্রথম আলো দু-তিন বছরের মধ্যে তো বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির তেমন সম্ভাবনা নেই। এই পরিস্থিতি বিবেচনায় রেখে এখন কী করা উচিত?মাহবুব হোসেন এবার আলু রপ্তানি একমাত্র পথ। যে পরিমাণে উৎপাদন হয়েছে, তাতে বিদেশে রপ্তানি না করা গেলে দাম কমবে, সংরক্ষণের অভাবে অনেক আলু পচবে। তবে সংরক্ষণের দেশজ পদ্ধতির অনুসন্ধান করা যেতে পারে। আলু সংরক্ষণ করে রাখার ব্যাপারে দেশজ পদ্ধতি যদি যথাযথ হয়, তাহলে এসব তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার। কিন্তু এটাও দীর্ঘমেয়াদি ব্যাপার। রাতারাতি কৃষককে এই তথ্য পৌঁছে দেওয়া এবং তাঁর মাঝে এ ব্যাপারে আস্থা তৈরি করা মুশকিল। তা ছাড়া, দাম যখন খুব বেশি ওঠে, তখন একটা বিশেষ প্রচারণা করা যেতে পারে যে, আলুর এই দাম থাকবে না, সুতরাং বেশি জমিতে আলুর চাষ করা ঠিক হবে না। সরকার যদি দাম নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে উৎপাদনের নির্দেশনা দিয়েও পরিস্থিতির ভয়াবহতা কিছুটা রোধ করতে পারে।প্রথম আলো বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে ওঠা-নামার প্রভাব বাংলাদেশের বাজারে দেখা যায়। বিশেষ করে চালের ক্ষেত্রে এমনটা ঘটে। এই পরিস্থিতি মোকাবিলায় কী করা যেতে পারে? মাহবুব হোসেন সরকারি হিসাব যদি ঠিক হয়, তাহলে এ বছর আমাদের চালের উদ্বৃত্ত উৎপাদন হয়েছে। সে ক্ষেত্রে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। বিশ্ববাজারে চালের দাম আমাদের থেকে অনেক বেশি। অনেক ব্যবসায়ী চান আন্তর্জাতিক বাজারের দামের দিকে টেনে নিয়ে যেতে। তাঁদের মজুদ ব্যবস্থাপনা সরকার তদারকি করে দেখতে পারে। বড় বড় ব্যবসায়ী সর্বোচ্চ কী পরিমাণ চাল মজুদ করতে পারবেন, সে বিষয়ে তাঁদের সঙ্গে সরকারের আলোচনা হতে পারে।প্রথম আলো সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় বলল, এক লাখ টনের বেশি চাল কেউ মজুদ করতে পারবে না। কিন্তু এক লাখ টনের কোনো গুদাম বাংলাদেশে নেই। সরকারি গুদামগুলোর সর্বোচ্চ ধারণক্ষমতা আছে এক হাজার টন। মাহবুব হোসেন এই ধরনের বক্তব্য বরং মজুদ করাকে আরও উৎসাহিত করে। প্রথম আলো সরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তথ্য পরিবেশন করে। এ ক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কীভাবে দূর করা যায়?মাহবুব হোসেন বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস একটি দুর্বল প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এটি ফলনসংক্রান্ত তথ্য দিলে তাতে সরকারের বিশেষ কোনো মন্ত্রণালয়কে খুশি করার কারণ নেই। কৃষিপণ্যের ব্যাপারে সাম্প্রতিক তথ্যগুলো আসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে। মৌসুমের শুরুতে তারা একটা লক্ষ্যমাত্রা দিয়ে দেয়। আবার এই কর্মকর্তাদেরই যখন বছরের উৎপাদনের পরিমাণ জানাতে বলা হয়, তখন তাঁরা উৎপাদন কম হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী তথ্য দেয়। শস্যের হিসাব দেওয়া পরিসংখ্যান ব্যুরোর দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু মুশকিল হলো, তারা নমুনায়নের মাধ্যমে যে হিসাব করে, তার পরিসরটা অত্যন্ত ক্ষুদ্র। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর পরিসংখ্যান ব্যুরোর হিসাবে পার্থক্য হয় বিশাল। দুটি প্রতিষ্ঠান পারস্পরিক যোগসাজশে তথ্য দিতে পারে কি না, তা নিয়েও চিন্তাভাবনা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকবল, লজিস্টিকস আছে, সেগুলো পরিসংখ্যান ব্যুরোর নেই। আমরা যদি না জানি চাহিদার তুলনায় আমাদের জোগান কতটা, তাহলে তো পরিকল্পনা করাও মুশকিল।প্রথম আলো সাম্প্রতিক সময়ে বর্গাচাষিদের কৃষিঋণ দেওয়া ও কৃষিঋণের পরিমাণ বাড়ানো, উপকরণ-সহায়তা কার্ড দেওয়া, সার বিপণনব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বিষয়গুলো কীভাবে দেখছেন।মাহবুব হোসেন উপকরণ সরবরাহের ব্যাপারে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সারের জন্য কৃষককে কী ধরনের সমস্যায় পড়তে হয়েছে, তা আমরা দেখেছি। সার রেশনিং করার একটা প্রচেষ্টা হয়েছিল। যেহেতু চাহিদার তুলনায় পরিমাণ কম ছিল, সে জন্য পুরো কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের দিয়ে প্রত্যেক কৃষক কোন ফসল কতটা করেছেন, কতটা সার লাগবে—এগুলো হিসাব করে সে অনুযায়ী সার দেওয়া হয়। যে সম্প্রসারণ বিভাগের কাজ হলো নতুন কৃষি প্রযুক্তি ও কৃষি তথ্য কৃষকের কাছে পৌঁছানো, সেটা না করে তাদের সারের হিসাব করার কাজে লাগানো হলো। ডিলারদের মাধ্যমে সার দিতে গিয়ে কৃষককে কাজ ফেলে রেখে দৌড়াতে হয়েছে। ওই ব্যবস্থা থেকে বর্তমান ব্যবস্থা—যার মূল কথা হলো বাজারে সার সহজলভ্য করা, ডিলারের সংখ্যা বাড়ানো—সারের ব্যবস্থাপনার দিক থেকে অনেক ভালো। ডিজেলের দাম কমানো ও মোটামুটি সহনীয় পর্যায়ে রাখা একটা ভালো দিক। এবার সেচের জন্য বিদ্যুতের সরবরাহ খুব একটা স্থিতিশীল মনে হচ্ছে না। তবে বেশির ভাগ সেচযন্ত্র চলে ডিজেলে। সে জন্য ডিজেলের সরবরাহ নিশ্চিত করা এবং দাম সহনীয় পর্যায়ে থাকার ওপর সেচ অনেক ক্ষেত্রে নির্ভর করে। তবে গত বছর বর্ষা মৌসুমে বৃষ্টি হয়নি। অক্টোবরের শেষ থেকে এখন পর্যন্ত বৃষ্টি নেই বললেই চলে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এখন বৃষ্টি না হলে অনেক সেচযন্ত্র পানি পাবে না। ফলে বোরোর ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে।প্রথম আলো এ জন্য কী ধরনের প্রস্তুতি রাখা দরকার বলে মনে করেন?মাহবুব হোসেন ভূগর্ভস্থ পানির কী অবস্থা—এ তথ্য রাখে বিএডিসি। ত্বরিত কিছু জরিপ করে এ সম্পর্কে জানা দরকার। পানি পেতে সমস্যা হলে চাষিরা সাধারণত আরও কয়েক ফুট নিচ থেকে পানি তোলার ব্যবস্থা করেন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়ে থাকলে চাষিদের আগাম সতর্ক করে দেওয়া দরকার। আগাম তথ্যটা জানলে চাষিরা কিছু ব্যবস্থা নিতে পারেন। পানি রেশনিংও করতে পারেন। মাঠ ডুবিয়ে না দিয়ে অল্প অল্প করে দেন, যাতে ধানের ক্ষতি না হয়। বিএডিসির এখন এ ব্যাপারে ব্যাপক তৎপর হওয়া দরকার। প্রথম আলো জাতীয়ভাবে পুরো বছরের কৃষি পরিকল্পনা তৈরি করা বড় ধরনের কর্মযজ্ঞ। সেটা করার জন্য সরকারের কী কী করা উচিত?মাহবুব হোসেন আমাদের দেশে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, পাট ও চা নিয়ে গবেষণার প্রতিষ্ঠানের মতো বেশ কিছু প্রতিষ্ঠান করা হয়েছে পশ্চিমা দেশগুলোর আদলে। সেসব দেশে যে লোক টমেটো চাষ করে, সে সব সময় টমেটোই করে; যে আলু করে সে সব সময় আলুই করে। তাদের কর্মকাণ্ডগুলো বিশেষায়িত ও শস্যভিত্তিক। কিন্তু আমাদের দেশের একজন কৃষক পাঁচ-ছয়টা ফসল একসঙ্গে করেন; তাঁর কৃষি ব্যবস্থায় কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় সুযোগ আছে তা দেখতে হবে। তাই আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের প্রশ্নটা সবচেয়ে বড়। এই কাজটা করার কথা বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের। কিন্তু এটিকে আমরা ততটা শক্তিশালী করতে পারিনি। এই প্রতিষ্ঠানটি শক্তিশালী করা, বছরের শুরুতে পরিকল্পনা করা এবং অন্য প্রতিষ্ঠানগুলো সেদিকে চালিত করার কাজ করা দরকার। আমাদের কৃষি সম্প্রসারণ ব্যবস্থার যেহেতু একটাই প্রতিষ্ঠান, সেটিকে শস্যভিত্তিক না করে ব্যবস্থাভিত্তিক সম্প্রসারণ করার দায়িত্ব দেওয়া উচিত। প্রথম আলো পণ্যের দাম কমলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, আর দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। পণ্যের দামের ক্ষেত্রে ভোক্তা ও কৃষকের স্বার্থের মধ্যে কীভাবে সমন্বয় আনা সম্ভব।মাহবুব হোসেন আমাদের দেশে যারা উৎপাদন করে তাদের অধিকাংশকে আবার বাজার থেকে কিনে খেতে হয়। এ জন্য দাম খুব বেশি ওঠা-নামা করতে দেওয়া যাবে না। চালের ক্ষেত্রে যদি বছরের শুরুতে বলে দেওয়া হয় ২৫-৩৫ টাকার মধ্যে দাম থাকলে সরকার হস্তক্ষেপ করবে না, কিন্তু এর ওপরে উঠে গেলে সরকার যে খাদ্য সংরক্ষণ করে রেখেছে সেটা বাজারে ছেড়ে দিয়ে দাম কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, আর যদি ২৫ টাকার নিচে চলে যায়, তাহলে কৃষকের কাছ থেকে সংগ্রহ করবে যেন জোগান বাড়ানো যায় এবং দাম আর না কমে, তাহলে হয়তো তা সম্ভব। দাম একটি সীমার মধ্যে ধরে রাখা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।প্রথম আলো আপনাকে ধন্যবাদ।মাহবুব হোসেন ধন্যবাদ।