এ বছর আলুর বাজারে যে মারাত্মক ধস নেমেছে, তা আলুচাষিদের সর্বস্বান্ত করবে। প্রথম আলোর খবর অনুযায়ী, এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু আলুর বিক্রি খুবই কম। সারা দেশে আলু উৎপাদনের প্রধান প্রধান এলাকায় চাষি ও মজুতদারেরা এবার আলু নিয়ে বিপুল লোকসানের মুখে পড়েছেন। সবখানেই প্রতি বস্তায় কমপক্ষে ৪০০ টাকা লোকসান হচ্ছে। প্রতিদিনই কমছে আলুর দাম। আর এর পেছনের কারণ হচ্ছে বাজারে আলুর চাহিদা না থাকা। আর বাজারে চাহিদা না থাকায় হিমাগারগুলো থেকে এবার ১০ ভাগ আলুও বের হয়নি। ফলে নতুন করে আলু সংরক্ষণ করা যাচ্ছে না।
কৃষকের এই বিপত্তি নতুন নয়। আগেও অনেকবার হয়েছে। মহাসড়কে আলু ঢেলে দিয়ে কৃষকেরা তাঁদের মনের তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, এ রকম ছবি অনেকবার পত্রিকার পাতায় ছাপা হয়েছে। এই পরিস্থিতি অব্যাহতভাবে চলতে পারে না। লোকসানের হাত থেকে কৃষকদের বাঁচাতে সরকারকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তা না হলে সামনের বার কৃষকেরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
আমাদের দেশে আলুর উৎপাদন যেভাবে বাড়ছে, সেভাবে সংরক্ষণের ব্যবস্থা নেই। ফলে হিমাগারের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই। দেশে বর্তমানে প্রায় ৪০০ হিমাগার আছে, যার ধারণক্ষমতা ৫০ লাখ মেট্রিক টন। অথচ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এ বছর দেশে আলু উৎপাদিত হয়েছে ১ কোটি মেট্রিক টন। আলু প্রক্রিয়াজাত করার কারখানার সংখ্যা বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হবে। বর্তমানে বিদেশে আলু রপ্তানি হলেও তা খুবই সীমিত আকারে হচ্ছে। উৎপাদনের তুলনায় তা খুবই সামান্য। আলু রপ্তানির সম্ভাবনার দিকটি আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিতে হবে।
গ্রামবাংলার সাধারণ কৃষকদের বাঁচিয়ে রাখতে ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে মাঠপর্যায়ে কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কেনা, গুদামজাত করা এবং প্রয়োজনে বিদেশে রপ্তানি করার মতো উদ্যোগ নেওয়া ও অবকাঠামো গড়ে তোলা। আলুচাষিদের এবারের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার কৃষকদের ভর্তুকি ও সহজ শর্তে বেশি ঋণ দেওয়ার কথা বিবেচনা করতে পারে।