কৃষি ও কৃষকের উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এতে প্রত্যন্ত অঞ্চলে নানা ইতিবাচক প্রভাবও পড়ছে। কৃষকের সেচসুবিধার জন্য একটি খাল পুনঃখনন করা হয়েছিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। এর ফলে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তা ঘুচে যাওয়ার কথা ছিল কৃষকদের। কিন্তু খননের এক বছর পরও খালে পানি নেই। চলতি মৌসুমে দুটি গ্রামের প্রায় ১২০ একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। খাল খননে অনিয়মের কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, দুদুয়ার খালটি নয়াবিল ইউনিয়নে পড়েছে। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহযোগিতায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই ধাপে খালটির সাড়ে তিন কিলোমিটার পুনঃখনন করা হয়। ৩৫ লাখ টাকা ব্যয়ে খালটি খনন করে ময়মনসিংহের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ। খালটি ১০ ফুট প্রস্থ করার কথা ছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই খালটি শুকিয়ে গেছে। খালে এখন একটুও পানি নেই। এর ফলে স্থানীয় কৃষকেরা এখন বোরো আবাদ করতে পারছেন না।
খননের পর দেখা যাচ্ছে, কোথাও খালের গভীরতা ২ ফুট আর প্রস্থ ৫ ফুট, কোথাও কোথাও খাল থেকে মাটি তুলে পাড়ে ফেলা হয়েছে। কৃষকদের ভাষ্য, খাল উজান থেকে ভাটির দিকে নিচু করে খননের কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এতে উজান থেকে ভাটিতে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। নামমাত্র খালটি খনন করা হয়েছে। খননযন্ত্র দিয়ে দায়সারাভাবে শুধু মাটি তুলে রাখা হয়েছে। এতে কৃষকদের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয়েছে। আগে বোরো মৌসুমের দুই মাস আগে খালে অল্প খরচে মাটির বাঁধ দিয়ে পানি আটকানো হতো। কিন্তু এখন খালটি যেনতেন করে খনন করায় বাঁধ দেওয়ার সেই উপায়ও নেই।
যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। বিএডিসির সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকি বলেন, খননকালে তো কেউ কোনো অভিযোগ করেনি। পরোক্ষভাবে কৃষকদের ওপরই দায় চাপিয়ে দিলেন তিনি। বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, এখন বোরো আবাদ ব্যাহত হলে সেচ কমিটির সঙ্গে সমন্বয় করে বিকল্পভাবে সেচ দেওয়ার পরিকল্পনা করা হবে। তাঁদের কথা শুনে মনে হলো, খননের পরও খালের এমন অবস্থা নিয়ে তাঁদের কোনো চিন্তা নেই। প্রকল্প শেষ তো তাঁদের দায়িত্বও শেষ। আমরা জানতে চাই, পুরো প্রকল্প নিয়ে কেন তদন্ত হবে না। অনিয়মে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।