কৃষি আঘাতজনিত অন্ধত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি ধানের মৌসুম চলে এসেছে। কিন্তু কৃষকের আনন্দের মুহূর্তে বিষাদে পরিণত হতে পারে কাজের সময় চোখে ধানের সামান্য আঘাতের কারণে। বাংলাদেশে প্রতিবছর ধানের মৌসুমে বিশেষত রোপণ, নিড়ানো, কাটা, মাড়াই ও শুকানোর সময় চোখে আঘাত লেগে হাজার হাজার কৃষিশ্রমিকের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়, দৃষ্টিহীন হয়। কোনো কোনো সময় চোখ উঠিয়ে ফেলতে হয়।দৃষ্টিসেবা ও গবেষণা কর্তৃক জামালপুরে পরিচালিত গবেষণায় দেখা যায়, ২০০৯-১০ সালে আমন ও বোরো দুই মৌসুমে জামালপুর ও শেরপুরে চোখে ধানের আঘাত পাওয়া মোট ১৯৪ জন চিকিৎসা নিতে আসা রোগীর চিকিৎসার পরও দৃষ্টির ক্ষতি হয় ৪২ শতাংশ, দৃষ্টিহীন হয় ১৪ দশমিক ৫ শতাংশ এবং একজন রোগীর চোখ তুলে ফেলতে হয়। সবাই ছিল ধান, ধানের পাতার ও খড়ের আঘাত পাওয়া। ধান কাটার সময় আঘাত পেয়েছে ২৯ দশমিক ৯ শতাংশ, মাড়াইয়ের সময় ৪১ দশমিক ৮ শতাংশ (হাতে মাড়াই ২০ দশমিক ৯ শতাংশ, মেশিনে মাড়াই ২০ দশমিক ৯ শতাংশ), ধান মাড়াইয়ের সময় কাছে থাকা ১০ দশমিক ২ শতাংশ ও খড় শুকানোর সময় ৯ দশমিক ১ শতাংশ। আঘাতের কারণে গড় কর্মবরতি দিতে হয়েছিল ১২ দশমিক ৯ দিন। আমাদের কৃষক ভাইবোনের প্রায় সবাই গ্রামে বাস করেন, আর তাঁদের সচেতনতা কম। আমাদের তিনটি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করা জরুরি প্রয়োজন: ১) কাজের সময় চশমা ব্যবহার, ২) সামান্য আঘাতে চোখের ক্ষতি হবে না, এমন না ভাবা এবং ৩) চোখে আঘাত লাগলে তা যত সামান্যই হোক, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শের জন্য নিকটস্থ সরকারি, বেসরকারি, এনজিও স্বাস্থ্যকেন্দ্রে এবং কৃষি তথ্যকেন্দ্রে যত দ্রুত সম্ভব যাওয়া।এ লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি অব থালমোলজিক্যাল সোসাইটি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ন্যাশনাল আই কেয়ার (স্বাস্থ্য অধিদপ্তর) ২০১০ সাল থেকে একটি সমন্বিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। চোখে আঘাতজনিত অন্ধত্ব প্রতিরোধে তথা কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করা উপমহাদেশে সম্ভবত এটি প্রথম প্রকল্প।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃণমূল পর্যায় থেকে সব কর্মকর্তা কৃষকদের কাজের সময় চোখ সুরক্ষাকারী চশমা ব্যবহার, না করলে সম্ভাব্য ক্ষতি ও চোখের আঘাত পেলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছেন। সব কৃষি তথ্যকেন্দ্রে চোখের আঘাতের প্রাথমিক চিকিৎসা নির্দেশিকা প্রেরণ ও উপকরণের ব্যবস্থা করা হচ্ছে। ন্যাশনাল আই কেয়ার সারা দেশে সর্বস্তরের সরকারি চিকিৎসাকেন্দ্রে চোখের আঘাতের প্রাথমিক চিকিৎসাব্যবস্থা নিয়েছে। কমিউনিটি হেলথ ক্লিনিক প্রকল্প পরিচালকের দপ্তর সব ক্লিনিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রকল্পটি ন্যাশনাল আই কেয়ারের অপারেশনাল প্ল্যানে ২০১১—২০১৫ বর্ষে অধিভুক্ত করা হয়েছে। ফলে চোখে কৃষি আঘাতপ্রাপ্ত রোগীর সংখ্যা কমে আসবে এবং আঘাতপ্রাপ্তরা দ্রুত চিকিৎসা পাওয়ায় অন্ধত্বের সংখ্যা কমে আসবে। চোখে ধানের আঘাতের কারণে সংসারে একমাত্র কর্মক্ষম ব্যক্তির কাজ না করতে পারা, রোজগার বন্ধ হওয়া, চিকিৎসা খরচ ও খাবার কেনার খরচ, সুদে টাকা ধার নেওয়া, শারীরিক ও মানসিক কষ্টে একটি দরিদ্র পরিবারে বিপর্যয় নেমে আসে।চলমান কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ একজন দরিদ্র কৃষকের অন্ধত্ব প্রতিরোধে সহায়ক হবে। আপনি হবেন মহান। চলতি কৃষি মৌসুমেই শুরু হোক সম্মিলিত প্রয়াস। ডা. এ কে খানগণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার, ঢাকা।