খাদ্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) মহাপরিচালক শেনগেন ফান মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কৃষি ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে বিবেচনায় নেওয়া উচিত।
কৃষি উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করার পাশাপাশি শেনগেন ফান মন্তব্য করেছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ খর্বাকৃতি শিশুর সংখ্যা কমানো এবং অপুষ্টি দূর করা। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রায় ৪০ শতাংশ শিশুই খর্বাকৃতির। এর অন্যতম প্রধান কারণ পর্যাপ্ত পুষ্টির অভাব। এ অভাবের কারণ যে শুধুই দারিদ্র্য, তা বলা যায় না। খাদ্যাভ্যাসেরও কিছু ভূমিকা আছে। এ দেশের মানুষের ৭৭ শতাংশ ক্যালরি ও ৫০ শতাংশ প্রোটিন আসে ভাত থেকে। ইফপ্রির মহাপরিচালক বলেছেন, অপুষ্টি দূর করতে হলে এবং গড় উচ্চতা বাড়াতে হলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চাল ছাড়াও অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে।
কৃষি ভর্তুকি ক্ষুদ্র কৃষকের হাতে পৌঁছাতে হবেবাংলাদেশের কৃষি প্রধানত ধাননির্ভর, ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকেই আমরা সাধারণভাবে কৃষি খাতের ব্যাপক সাফল্যের কারণ হিসেবে দেখি। কিন্তু সাফল্যের এ পর্যায় পেরিয়ে আমাদের এখন শাকসবজি, মাছ ও গবাদিপশু উৎপাদনের প্রতি অধিকতর গুরুত্ব দিতে হবে। কেননা, সবজি, মাছ-মাংস ও দুধ-ডিমের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেলে পুষ্টির অভাবে ভোগা জনগোষ্ঠীর খাদ্যতালিকায় এসব পুষ্টিকর খাবার যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ জন্য শেনগেন ফান এসব দিকে মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। এমনকি আমাদের আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানি বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ যদি অল্প দামে চাল আমদানি করে আর ধানের জমিতে সবজি চাষ করে তা রপ্তানি করে বেশি আয় করে, তবে সেটা মন্দ কী।
খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষিতে এসব বৈচিত্র্য আনার ক্ষেত্রে অবশ্যই সরকারের নীতিগত ও বাস্তবিক সহযোগিতা প্রয়োজন। সরকারের দেওয়া কৃষি ভর্তুকি ক্ষুদ্র কৃষকদের হাতে ঠিকভাবে পৌঁছানোর ওপর যথার্থই গুরুত্ব দিয়েছেন শেনগেন ফান।