কৃষিজমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোয় প্রকাশিত খবর অনুযায়ী, কপোতাক্ষ নদ-সংলগ্ন ওই গ্রামে ২০০৫ সালে যমুনা ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করা হয়। ২০১৫ সালে লাইসেন্সের মেয়াদ শেষ হলেও ইটভাটাটির মালিকেরা অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছেন। শুধু তা-ই নয়, তাঁরা এই ভাটার পাশে নতুন আরেকটি আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপনের কাজ শুরু করেন। এ জন্য মালিকের অনুমতি নেওয়া ছাড়াই আশপাশের কৃষিজমি দখল করা হয়েছে। এসব জমি থেকে মাটিও কেটে নেওয়া হয়েছে। নদীর পানি যাতে ভাটার মধ্যে প্রবেশ করতে না পারে এ জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার দুটি কালভার্ট। এ কারণে বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসী কোনো প্রতিবাদ করলেই ইটভাটার মালিকপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় এবং চিমনিতে পুড়িয়ে মারা ও এলাকাছাড়া করার হুমকি দেয়।

সম্প্রতি এলাকাবাসীর দাবির মুখে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন আধুনিক প্রযুক্তির ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ করে দিলেও পুরোনোটি আগের মতোই চলছে। এর আশপাশে রয়েছে তিনফসলি জমি। ইট রাখার জন্য এসব জমি ব্যবহার করা হচ্ছে। ভাটার অদূরেই বাস করে মলো সম্প্রদায়ের ৪২টি পরিবার। ইটভাটার চিমনির ধোঁয়ায় আশপাশের জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ও কৃষিজমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, তা মানা হচ্ছে না। দায়টি স্থানীয় প্রশাসনকেই নিতে হবে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমন নতুন ইটভাটার নির্মাণকাজ বন্ধ করেছেন, তেমনি তাঁকে পুরোনো ইটভাটাটিও বন্ধ করতে হবে। শুধু তা-ই নয়, কৃষিজমি থেকে এসব ইটভাটা সরিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার জন্য এর মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।