কৃষির সেবক কৃষিবিজ্ঞানী জে এল সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেন বাবু’ বলে একজন কৃষিবিজ্ঞানী ছিলেন। নিবেদিতপ্রাণ এ বিজ্ঞানীর কথা সাধারণ মানুষ দূরের কথা, আমরা কৃষিবিদেরাই তেমন জানি না। আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম খাবার—ভাতের জোগান বৃদ্ধিতে সহায়তার কাজটিই করেন তিনি। ধান নিয়ে গবেষণা করেছেন। তাঁর হাত দিয়ে উদ্ভাবিত সব ধানের জাত চাষিরা সে সময় আবাদ করেছেন, এমনকি এখনো কিছু কিছু করছেন। তাঁর অধীত ধানসংক্রান্ত জ্ঞান এখনো আমাদের মতো ‘ধান নিয়ে কাজ করা’ বিজ্ঞানীদের কাজে লাগে।সেন বাবুর পোশাকি নাম জে এল সেন। তিনি কর্মজীবনের বেশির ভাগ সময় গ্রামে বসেই গবেষণা করেছেন। তাঁর কর্মস্থল ছিল হবিগঞ্জের বানিয়ারচরের নাগুরা ফার্মে। ১৯৩৮ সালে কর্মজীবন শুরু করেন। শেষ হয় ১৯৫৮ সালে। নাগুরা গ্রামের মানুষ এখনো মনে করেন, এই সেদিনও তিনি এখানে ছিলেন। তিনি হাওর এলাকার বৈরী পরিবেশে অভিযোজনের উপযোগী ধান নিয়ে গবেষণা করেছেন।নাগুরা কোনো বিখ্যাত জায়গা নয়। অথচ হতে পারত। কারণ, এখানেই উপমহাদেশের প্রথম বোরো আর জলি আমন ধানের জন্য গবেষণাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এই ফার্মের প্রথম বিজ্ঞানী ছিলেন সাক্কাতুল মজিদ। প্রথম দিককার বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাকাজের গোড়াপত্তন তাঁর হাত দিয়ে। ১৯৪৮ সালে জে এল সেন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত হন। এখানে একটা কথা বলা দরকার, দেশ ভাগের সময় অল্প সময়ের জন্য সেন বাবু করিমগঞ্জ ফার্মে ছিলেন। করিমগঞ্জ ভারতে পড়ে। তিনি অপশন দিয়েই নাগুরা ফার্মে ফিরে আসেন। এখানে তিনি সেন বাবু, বোটানি বাবু বা ডাক্তার বাবু হিসেবে পরিচিত ছিলেন। অবশ্য এই পদের প্রাতিষ্ঠানিক নাম ছিল অ্যাসিস্ট্যান্ট ইকোনমিক বোটানিস্ট।নাগুরা ফার্মে সারা দেশ থেকে বোরো ও জলি আমন ধানের জাত সংগ্রহ করে জাত-বিশুদ্ধিকরণ করা হয়। এটা ছিল অন্যতম গবেষণা কার্যক্রম। জলি আমনে ৪২২টি এবং বোরোর জন্য ৫৮৬টি জাত সংগ্রহ করে এই কাজ করা হয়। জলি আমনের জাতগুলোকে নানা নামে ভাগ করা হয়। এগুলোর ভেতর থেকে বছরের পর বছর বাছাই-প্রক্রিয়া এমনকি সংকরীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কাত্যাবাগদার (হবিগঞ্জ আমন ১), গদালাকি (হবিগঞ্জ আমন ২), ধলা আমন (হবিগঞ্জ আমন ৫) ইত্যাদি জলি আমনের কয়েকটি নতুন জাত উদ্ভাবন করা হয়। এ প্রক্রিয়ায় বোরোর জন্য উদ্ভাবিত হয় হবিগঞ্জ বোরো-২ (টেপি বোরো), হবিগঞ্জ বোরো-৪ (খইয়া বোরো বা চৈতা বোরো), হবিগঞ্জ বোরো-৫ (বনজিরা), হবিগঞ্জ বোরো-৬ (পশুশাইল) ইত্যাদি। জাতগুলো উদ্ভাবিত হয় ১৯৪৪ থেকে ১৯৫৫ সালের মধ্যে। এসব জাত উদ্ভাবন কার্যক্রমে প্রধান ভূমিকাই ছিল সেন বাবুর।হাওর বাংলায় এখনো সুগন্ধি বোরো ধান টেপি বোরো এবং পশুশাইলের আবাদ হয়। সারা বাংলার খানাখন্দ এবং নদীর খাঁড়ি এবং বিলের তলায় আবাদের জন্য এখনো চৈতা বোরো চাষিদের এক নম্বর পছন্দ। বৃহত্তর সিলেট এবং আরও অনেক এলাকায় এখনো লাকি, লাল আমন, ধলা আমন, কাত্যাবাগদার—এসব নামের জলি আমন ধান আবাদ হচ্ছে। ঠান্ডা সহনশীল ও চাল লম্বা হওয়ার প্রবণতার জন্য এ জাতগুলো গবেষণার বিষয়বস্তু হিসেবে বিজ্ঞানীদের কাছেও বেশ প্রিয়। সম্ভবত ইন্ডিকা ধানের জন্য ঠান্ডা সহনশীল জিন (বা কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য) এখান থেকেই খুঁজে বের করা হচ্ছে। বিভিন্ন দেশের গবেষণাগারে বৈরী পরিবেশে ধানের অভিযোজন-প্রক্রিয়া কীভাবে কাজ করছে, তা জানতে এ জাতগুলো গবেষণার উপাদান হিসেবে ব্যবহূত হচ্ছে। কিন্তু আমরা জানি না, কে বা কাদের শ্রমে এই ধানের জাতগুলো একসময় উদ্ভাবিত হয়েছিল।সেন বাবু তাঁর জীবনের সোনালি সময়টা নাগুরা ফার্মেই কাটিয়েছেন। অথচ তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট। ম্যাট্রিকে প্রথম বিভাগ পেয়েছিলেন। ইন্টারমিডিয়েটে সাত বিষয়ের মধ্যে চারটিতে ডিস্টিংশন। সহজেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু তা না হয়ে তিনি হন কৃষিবিজ্ঞানী। বিহারের নাগপুর থেকে বি এজি করেছিলেন। সঙ্গে তিনটি মেডেল ও চারটি বিশেষ পুরস্কার।সেন বাবুকে গ্রামের মানুষ মনে রাখার অন্যতম কারণ বোধ হয় তাঁর সমাজ-সচেতনতা। তিনি তাঁর আশপাশের মানুষদের নানাভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছিলেন। তাঁর হাত দিয়েই ১৯৫২ সালে নাগুরা ফার্ম প্রাথমিক বিদ্যালয়ের শুরু। শ্রমিকদের থাকার ঘরে ক্লাস হতো। বিদ্যালয়ের প্রথম শিক্ষক ছিলেন সোনার চান দাস। বেতন ছাড়াই পড়াতেন তিনি। সেন বাবুর প্রত্যক্ষ তৎপরতায় ১৯৫৪ সালে স্কুলটি সরকারীকরণ করা হয়। এ সময় জমি দান করেন ফার্মেরই আরেক কর্মচারী মথুর চন্দ্র দাস। স্কুলটি আজও আছে।সেন বাবু কাজপাগল মানুষ ছিলেন। কাজের শেষে গ্রামের মানুষের একজন হয়ে গ্রামের সঙ্গেই মিশে যেতেন। তিনি সেখানকার সমস্ত সামাজিক উৎসব পূজা-পার্বণে অংশ নিতেন। মানুষের বিপদে-আপদে ছুটে যেতেন। তিনি ডাক্তার ছিলেন না, আবার ডক্টরেটও করেননি। তবু এলাকার লোক তাঁকে ডাক্তার বাবু বলে ডাকত।সেন বাবু কৃষিতত্ত্ব-সম্পর্কিত বেশ কিছু কাজ করেছিলেন। সে যুগের কৃষিবিজ্ঞানীরা কাজ করেছেন বেশি আর প্রকাশ করেছেন কম। তাই সেন বাবুর যে খুব বেশি প্রকাশনা আছে, তা নয়। তিনি ‘রিভিউ অব হাফ আ সেঞ্চুরি অব রাইচ রিসার্চ ইন ইস্ট পাকিস্তান’-এর কো-অথর ছিলেন। এ ছাড়া দেশ-বিদেশে তাঁর বেশ কিছু মৌলিক গবেষণানির্ভর প্রকাশনা আছে।সেনবাবু তাঁর সহযোগী বিজ্ঞানীদের সঙ্গে যে গবেষণা প্রবন্ধগুলো প্রকাশ করেছিলেন, তার মধ্যে অন্যতম: 1.Flood resistance rice in Assam; 2. Double transplanting in spring paddy; 3. Floating paddy; 4. Manuring Spring paddy-1; 5. Inheritance of leaf sheath color of spring paddy ইত্যাদি।জে এল সেন চাকরি জীবনের পরের দিনগুলো অলসভাবে কাটাননি। তিনি কৃষি গবেষণা ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন ক্যাপাসিটিতে এসব প্রতিষ্ঠানকে সেবা করে একসময় অবসরে যান। কালের নিয়মে এ পৃথিবী থেকেও একদিন তাঁকে চলে যেতে হয়। দিনটি ছিল ১৩ ডিসেম্বর ১৯৮৬।ড. জীবন কৃষ্ণ বিশ্বাস: পরিচালক, প্রশাসন ও সাধারণ পরিচর্যা (চলতি দায়িত্ব), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।