কৃষিশ্রমিকের মানমর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি দার্শনিক মিশেল ফুকো দেখিয়েছেন, মর্যাদার মধ্যে দিয়ে ক্ষমতার প্রকাশ ঘটে; বিপরীতে অক্ষমতা মর্যাদাহানি ঘটায়। যে সম্পর্কের মধ্যে অমর্যাদা থাকে বা তার চর্চা হয়, সেই সম্পর্কই অসম ক্ষমতা-সম্পর্ক। সম্প্রতি ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত সেমিনারের মূল প্রবন্ধে দেখানো হয়, ‘কৃষিশ্রমিকেরা সামাজিক মর্যাদায় সর্বনিম্ন অবস্থানে’। অর্থাৎ কৃষিশ্রমিক তথা দিনমজুরদের হেয় করা হয়, তাঁদের কথা ও কাজের মূল্যায়ন হয় না। এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি ও অমর্যাদার সংস্কৃতি বজায় রেখে সব নাগরিককেই সমান ভাবার গণতন্ত্র কার্যকর হতে পারে না।

দ্বিতীয়ত, এটা অনুন্নয়নেরও লক্ষণ। এর প্রতিকার কেবল ‘মর্যাদা দাও’ বললেই হবে না। কৃষিতে যে ধরনের স্বাস্থ্যহানিকর কঠোর পরিশ্রম করতে হয়, তার পদ্ধতিটি সাবেকি। প্রয়াত অর্থনীতিবিদ আবদুল গফুর স্মরণে আয়োজিত বিআইডিএসের ওই বক্তৃতায়ও বলা হয়, কৃষিশ্রমিকদের মর্যাদা বাড়াতে দরকার কৃষির আধুনিকায়ন। কৃষিতে যত উন্নত কর্মপরিবেশ ও প্রযুক্তি নিয়োজিত হবে, ততই শিক্ষিত জনগোষ্ঠী কৃষিকাজকে অশ্রদ্ধা করা ভুলবে। ইউরোপ-আমেরিকায় এটাই ঘটেছে।

গ্রামে শিক্ষা ও কৃষি ডিপ্লোমায় বিনিয়োগ এবং উন্নত পরিবেশবান্ধব প্রযুক্তি কৃষিকে যেমন লাভজনক করবে, তেমনি কৃষিতে নিযুক্ত শ্রমিকদের মর্যাদাও বৃদ্ধি করবে। কৃষিভিত্তিক শিল্প বিকশিত হলে কৃষিশ্রমিকের যথাযোগ্য কর্মসংস্থান হবে। তাতে তাদের  জীবনমান ও মর্যাদাও বাড়বে। আর মর্যাদাবোধ সুনাগরিকত্বেরও পূর্বশর্ত।