কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে যাত্রা শুরু করেই বাহিনীটি বিচারবহির্ভূত হত্যাকে ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ ‘বন্দুকযুদ্ধ’ প্রভৃতি নামে চালিয়ে আসছে। এ বছরের নভেম্বর পর্যন্ত ক্রসফায়ারে নিহত হয়েছে এক হাজার ৭৯১ জন। গতকাল রোববারের প্রথম আলোয় সরকারি তদন্তে তিনটি ক্রসফায়ারকে র্যাবের হত্যাকাণ্ড বলে প্রমাণিত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। প্রথম থেকেই গণমাধ্যম, মানবাধিকার সংস্থাসহ নাগরিক মহল র্যাবের ক্রসফায়ারকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে। সম্প্রতি উইকিলিকসের ফাঁস করা নথির সূত্র ধরে র্যাবকে ‘ডেথ স্কোয়াড’ হিসেবে বর্ণনা করেছে ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র দ্য গার্ডিয়ান। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবু নির্বিকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবল বাপ্পী, আরিফ ও নূর আলমের মৃত্যুর ঘটনায় র্যাবের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। কারণ, এই তিনটি ঘটনাই তদন্ত হয়েছে। কিন্তু র্যাবের সব ক্রসফায়ার নিয়েই সার্বিক বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। কেবল র্যাবই নয়, এখন পুলিশও ‘ক্রসফায়ারে’ হত্যাকাণ্ড ঘটাচ্ছে। প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসী হলেই কি কাউকে বিনা বিচারে হত্যা করা যায়? তাহলে আইন-আদালত-সংবিধানের অস্তিত্বই কি তুচ্ছ হয়ে যায় না? র্যাব সেই কাজটিই অবলীলায় করে যাচ্ছে। এ পদ্ধতিতে যে অপরাধ দমন হয়, অব্যাহত সন্ত্রাস ও খুনোখুনির রেকর্ড তা প্রমাণ করে না।প্রতারণা ও ডাকাতির অভিযোগেও একাধিক র্যাব সদস্যের শাস্তি হয়েছে। তার পরও কেন র্যাবের ‘অপরাধ’ ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? গত বছরের ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’-এর সমালোচনা করেন। সেদিন তিনি এসব হত্যাকাণ্ডের তদন্তেরও প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেস্টোতেও ‘ক্রসফায়ার’ বন্ধের প্রতিশ্রুতি ছিল। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী লাগাতার ‘ক্রসফায়ার’-এর সাফাই গেয়েছেন। এই স্ববিরোধিতা কেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে অবশ্যই জবাবদিহি থাকতে হবে। তারা আইনের ঊর্ধ্বে নয়। সরকারের দায়িত্ব বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সব বিচারবহির্ভূত হত্যারহস্য উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা।