কাল সোমবার দেশজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিতে যাচ্ছে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান অবরোধের মধ্যেই আজ রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডাকার ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
উদ্বেগের বাস্তব কারণ হলো, চলমান অবরোধেই পথেঘাটে মানুষের নিরাপত্তা ভীষণভাবে বিপন্ন। উপরন্তু হরতালের দিনে নিরাপত্তাহীনতা মাত্রাহীনভাবে বেড়ে যায়। বিরোধী জোট প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীকে সে রকম পরিস্থিতিতে ফেলে দিয়ে কী অর্জন করতে চায়, তা আমাদের বোধগম্য নয়।
সরকার পরীক্ষা পেছানো বা স্থগিত ঘোষণা করেনি। পুলিশের মহাপরিদর্শক গতকাল সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, পুলিশ এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নির্ধারিত সময়ে অনুষ্ঠান নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করবে। পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে ও পরীক্ষার্থীদের চলাচলের রাস্তায় নিরাপত্তা দেবে।
কিন্তু আমাদের শঙ্কা এই যে সারা দেশের শহর-গ্রামে অগণতি রাস্তায় পরীক্ষার্থীদের চলাচলে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা বাস্তবে সম্ভব নয়। বিরোধী জোটের হরতালকে সরকার বা পুলিশের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা উচিত নয়। এভাবে আর যাই হোক পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা সম্ভব নয়। হরতাল প্রত্যাহারের মধ্য দিয়েই কেবল তাঁদের শঙ্কা দূর হতে ও নিরাপত্তাবোধ ফিরে আসতে পারে।
আমরা এই পরীক্ষার অনেক আগে থেকেই বিএনপিসহ ২০-দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়ে আসছি, তারা যেন পরীক্ষা শুরুর আগেই অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। পরীক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণেরও প্রত্যাশা ছিল যে বিরোধী জোটের বোধোদয় ঘটবে। কিন্তু অবরোধের অবসান দূরে থাক, অবরোধের মধ্যেই তারা হরতাল ডাকল। এটা শুধু অসংবেদনশীলতা নয়, বিরাট দায়িত্বহীনতা।
আমরা বিএনপিসহ ২০-দলীয় জোটকে পরীক্ষার দিনের হরতাল প্রত্যাহার ও অবরোধ স্থগিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোনো পরীক্ষার দিনই যেন হরতাল-অবরোধ দেওয়া না হয়।