কেন পাইকারি গ্রেপ্তার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ নিয়ে সিলেটে যে টান টান উত্তেজনা চলছিল, সেটি আর এখন নেই। কোনো অঘটন ছাড়াই গত বুধবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এমনকি একই দিনে সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রচারপত্র বিলির আয়োজন করেছিল, তা-ও নির্বিঘ্নে শেষ হয়েছে, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোলযোগের আশঙ্কা করে প্রথমে সমাবেশ করার অনুমতি দিতে চায়নি। পরে বিভিন্ন মহলের প্রতিবাদ ও দাবির মুখে তারা অনুমতি দিয়েছে। এটি স্বস্তির কথা।

সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করতে দিলে গোলযোগ হয় না। বরং সভা-সমাবেশ করতে না দিলেই বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়ার সমূহ আশঙ্কা থাকে। অতীতে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বহুবার ঘটেছে। শান্তিপূর্ণ সভা-সমাবেশ করা মানুষের সাংবিধানিক অধিকার। যৌক্তিক কারণ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকার এসব থেকে কোনো নাগরিককে বিরত রাখতে পারে না।

কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম, সরকার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ করার অনুমতি দেওয়ার পাশাপাশি সেখানে এবং দেশের অন্যত্র গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, সমাবেশের আগে ও পরে দুদিনে পুলিশ সিলেট বিএনপির ২৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে, যাঁদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টাও রয়েছেন। সিলেট বিএনপির একজন নেতা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতেই বিএনপির ৬৮ জন নেতা-কর্মীকে আটক করে কারাগারেও পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তার দাবি, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তঁারা যদি বিরোধী দলের নেতা-কর্মী হয়ে থাকেন তাহলে সমাবেশের আগের রাতে নাশকতার চেষ্টা বা ষড়যন্ত্র করবেন, এটি বিশ্বাসযোগ্য নয়। মূলত বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্য। এ ধরনের আতঙ্ক নির্বাচনের অনুকূল না প্রতিকূল পরিবেশ সৃষ্টি করবে, সেটিও সংশ্লিষ্টদের ভাবতে হবে।

শুধু সিলেটে নয়, পুলিশ চট্টগ্রাম ও সাতক্ষীরায় পাইকারি গ্রেপ্তার অভিযান চালিয়েছে। চট্টগ্রামে বিএনপির ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তঁারা নাকি বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে নাশকতার চেষ্টা করছিলেন। যেখানে জাতীয় ঐক্যফ্রন্ট আগামীকাল শনিবার চট্টগ্রামে সমাবেশ ডেকেছে, সেখানে তাদের কর্মীরা নাশকতা চালাবেন, এ ধরনের অভিযোগ হাস্যকরই মনে হয়। এর আগে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ থেকে ঘরে ফেরার পথে বিএনপির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সাতক্ষীরায় আটক ৬৫ জনের মধ্যে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা-কর্মী আছেন। কিন্তু তঁাদের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয়।

কৌতূহলের বিষয় হলো নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, পুলিশের গায়েবি মামলা ও পাইকারি গ্রেপ্তারের মাত্রাও তত বাড়ছে। এর আগে বিদেশে অবস্থানকারী, এমনকি মৃত ব্যক্তিদের নামেও এ ধরনের মামলা করার খবর পত্রিকায় ছাপা হয়েছে। এখন বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ এনে গ্রেপ্তারের ঘটনা যে রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করবে, তা বলার অপেক্ষা রাখে না। সরকারি দলের নেতারা বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে দলীয় প্রতীকের পক্ষে ভোট চাইছেন। গত ১০ বছরে সরকার কী কী উন্নয়ন করেছে, তা জনগণের কাছে তুলে ধরছেন। এটি তাঁরা করতেই পারেন। একইভাবে বিরোধী দলকেও তাদের বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ তো দিতে হবে।

যেকোনো নির্বাচনের পূর্বশর্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু সরকারের কার্যক্রমে তার প্রতিফলন নেই। শনিবার চট্টগ্রামে ঐক্যফ্রন্ট সমাবেশ আহ্বান করলেও এখন পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি। সিলেটের মতো চট্টগ্রামেও সমাবেশের অনুমতি দিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে আশা করি।