কোনো লেখায় আমিত্ব এসে গেলে সেটি এমনিতেই খানিকটা দুর্বল হয়ে যায় বলে আমার বিশ্বাস। কিন্তু সেই লেখা যদি হয় রবীন্দ্রনাথ-নজরুল-বঙ্গবন্ধু-সুনীল কিংবা হুমায়ূন আহমেদ পর্যায়ের মানুষের, তখন আমরা উৎসাহ নিয়ে তা পড়ি কিংবা উৎকর্ণ হয়ে শুনি। উল্লিখিত সব কজন মানুষই আমাদের ছেড়ে চলে গেছেন, এ কারণে তাঁদের ব্যক্তিগত কথা নতুন করে শোনার সুযোগও আর নেই। কিন্তু এখনো তাঁদের লিখে যাওয়া একান্ত নিভৃত ব্যক্তিগত অনুভূতির কথা পড়তে পারলে আমাদের ভালো লাগে, তাঁদের প্রতি আমাদের ভালোবাসা এতই প্রগাঢ় যে তাঁদের আমরা ‘ভালো-মন্দ মিলিয়ে দেখলে ভালোবাসা বাড়ে বৈ কমে না’।আমি একজন নগণ্য শিক্ষক। শিক্ষকতার আগে অনেকটা সময় সাংবাদিকতাও করেছি। ঘটনাক্রমে শিক্ষকও হয়েছি গণযোগাযোগ ও সাংবাদিকতারই। বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েও সেই একই বিভাগে সুপার নিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন সূত্রে জড়িত রয়েছি। আমার মতো মানুষের ব্যক্তিগত অনুভূতির ব্যাপারে পাঠকদের বিন্দুমাত্র আকর্ষণ থাকার কোনো যুক্তিসংগত কারণ নেই। কিন্তু কেন জানি আজ একটি বিষয়ে একান্ত ব্যক্তিগত কথাই বলতে ইচ্ছা করছে। সম্পাদনার রীতি ভেঙে সম্পাদক যেকোনো কারণেই হোক, এটা ছেপেও দিলেন।আমার ছাত্রী নাদিয়া শারমিন সাংবাদিকতা করতে গিয়ে মার খেয়েছে। রাস্তায় ফেলে ‘বীরপুরুষেরা’ তাকে আঘাতের পর আঘাতে জর্জরিত করেছে। তাঁর অপরাধ, সে মেয়ে। আমার সন্তানতুল্য সেই ছাত্রীকে টেলিভিশনের পর্দায় দেখে আমি চমকে গেছি। এ দেশে সাংবাদিক পেটানোর এমনকি তাঁদের খুন করার নতুন কিছু নয়। কিন্তু সেগুলোর পেছনে সাংবাদিক সাধারণত তাঁর সাংবাদিকতার জন্য ক্ষতিগ্রস্ত কোনো মহলের দ্বারাই আক্রান্ত হন। ব্যক্তিগত শত্রুতাও কোনো কোনো ক্ষেত্রে হামলার কারণ হতে পারে। কিন্তু কেবল মেয়ে বলেই স্বাধীন বাংলাদেশে কোনো সাংবাদিক আক্রান্ত হয়েছেন, এমন ঘটনা আমার জানা নেই। আমি অনেক আগেই সত্তর পেরিয়েছি এবং প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায় আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ কোনো শিক্ষক বোধ করি এখন জীবিত নেই। আমার বহু ছাত্রছাত্রী এখন সফল সাংবাদিক। কারও কারও এ ক্ষেত্রে প্রতিভা নজর কাড়ার মতো। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ছাত্রীও রয়েছে। সত্যি কথা বলতে কি, সাংবাদিকতার এত ছাত্রী যে এত দ্রুত মিডিয়ায় তাদের যথাযোগ্য স্থান করে নেবে, তা আমার কাছেও ছিল আশাতীত। সে জন্যই ছাত্রীদের সাফল্যে আমি ভীষণ গর্ব অনুভব করি।আমি আমার ছাত্রীটিকে হাসপাতালে দেখতে গিয়ে তার মুখ থেকেই তাকে আঘাতকারী ‘বীরপুরুষদের’ বীরত্বের কাহিনি শুনছি। সে নিজেও বর্ণনায় ‘বীরপুরুষ’ শব্দটিই ব্যবহার করেছিল। আঘাতকারীদের কথা ছিল, পুরুষদের জনসভায় মেয়ে কেন আসবে। আমার জানতে ইচ্ছা করে, এই সমাবেশে যদি তাদেরই সমর্থক কোনো নারী এসে উপস্থিত হতেন, তবে তাঁকেও কি মেয়ে সাংবাদিকটির মতো পিটিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিত তারা? নারী সাংবাদিককে অকথ্য গালাগাল ছাড়াও যে রকম মাটিতে ফেলে পা দিয়ে আঘাত করেছে সমাবেশকারীরা, তা মেয়েটির মুখ থেকে শুনে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। তার মাথায়ও প্রচণ্ড আঘাত করা হয়েছে। তার সৌভাগ্য, এক্স-রেতে দেখা গেছে, তার হাড়গোড় ভাঙেনি। আমি যখন তাকে দেখতে গেছি, শুনলাম, সেদিনই সন্ধ্যায় তাকে হয়তো হাসপাতাল থেকে ছেড়ে দেবেন চিকিৎসকেরা। কিন্তু আমি দেখলাম, মেয়েটি তখনো কারও সাহায্য ছাড়া হাঁটতে পারছে না। মাথায় পিঠে ঘাড়ে হাঁটুতে তার তখনো তীব্র ব্যথা হচ্ছে। এ অবস্থায় মনে হলো, তার আবার কর্মক্ষম হতে বেশ সময় লাগবে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষায় যখন কথা বলছিলাম, সে জানাল, সে মোটেও ভয় পায়নি। বিছানায় শুয়েও সে আত্মবিশ্বাসে টগবগ করছে।আমার বিশ্বাস, মেয়েটির ওপর আক্রমণের ফুটেজ ঘটনাস্থলে উপস্থিত কেউ না কেউ নিশ্চয়ই ধারণ করেছেন। তাঁদের কাছে আমাদের দাবি রইল, সেই দৃশ্য আপনারা আমাদের দেখতে দিন। টেলিভিশনে তার আদ্যোপান্ত সম্প্রচার করুন। এই কলঙ্কজনক ঐতিহাসিক ঘটনা দেশের জনগণ দেখার পর তাদের কী প্রতিক্রিয়া হয়, তা জানা দরকার। আমরা সবাই জানি, নারী-পুরুষ একত্রেই হজের আনুষ্ঠানিকতা পালন করে। কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। সেখানকার বিখ্যাত হজরতবাল মসজিদে আমি একই সঙ্গে নারী-পুরুষকে নামাজ পড়তে দেখেছি। আমাদের দেশেও কোনো কোনো মসজিদে এমনকি ঈদের জামাতেও নারীর প্রবেশাধিকার রয়েছে। তবে সংবাদ সংগ্রহের জন্য কোনো সমাবেশে নারী সাংবাদিক গেলে কেবল নারী বলেই তাঁকে লাঞ্ছিত হতে হবে কেন?আহত মেয়েটি আমার ছাত্রী বলেই কি আমার প্রতিক্রিয়া বেশি হচ্ছে? যদি আপনাদের তা-ই মনে হয়, তবে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু তাকে হাসপাতালে দেখার পর ঘুরেফিরে শুধু এ কথাটাই বারবার মনে হচ্ছে, আমি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের একটা কথা জোর দিয়ে বলি যে সংবাদ সংগ্রহ ও লেখার যত আধুনিক কলাকৌশলই আমরা শিক্ষকেরা ক্লাসে শেখাই না কেন, সাংবাদিকতা করতে হলে মনে সাহস সঞ্চয় করতে হবে। সেই সাহস আমরা পাঠদানের মাধ্যমে দিতে পারব না, সেটি নিজেই ব্যক্তিগতভাবে অর্জন করে নিতে হবে। আহত মেয়েটি এ ধরনের সমাবেশে গিয়ে নিঃসন্দেহে সেই সাহস অর্জনেরই প্রমাণ রেখেছে। কিন্তু পাঠক্রমবহির্ভূত সাহস অর্জনের পরামর্শ দিয়ে আমরা কি ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের জেনেশুনে বিপদের মুখে ঠেলি দিচ্ছি? এ দেশে এই পরামর্শ দেওয়া কি সঠিক হচ্ছে? এই ভাবনাকে আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারছি না। যখন এই লেখা লিখছিলাম, তখন আমার হাতে পৌঁছল প্রথম আলো দৈনিকটি। তাতে দেখলাম, নাদিয়া শারমিন পত্রিকার প্রতিবেদকের কাছে বলেছে, ‘তারা আমাকে মেরেছে শুধু নারী বলে।’ সে জানিয়েছে, অন্য সাংবাদিক বন্ধুরা তাকে রক্ষা না করলে হামলাকারীরা তাকে মেরেই ফেলত।আমি বাংলাদেশের নাগরিক ও একজন পুরুষ। এ ঘটনার পর আমার কষ্ট ও লজ্জা আমি কোথায় রাখি।সাখাওয়াত আলী খান: সুপার নিউমারারি অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।