বাংলাদেশের কোনো কোনো এলাকার প্রান্তিক মানুষের অবস্থা প্রায়ই ‘জলে কুমির ডাঙায় বাঘ’–এর মতো হয়ে দাঁড়ায়। ঢাকার কেরানীগঞ্জের একটি এলাকার অবস্থা তেমনই। শুষ্ক মৌসুমে বালুদস্যুরা নদী থেকে বালু তুলতে তুলতে বেড়িবাঁধের ক্ষতি করার ফলে বর্ষার ঢলে নদীগর্ভে তলিয়ে গেছে তিন শতাধিক ঘরবাড়ি ও বিপুল পরিমাণ জমি। সারা দেশে ব্যাপক নদীভাঙনের জন্য নদী তথা প্রকৃতিকে দায়ী করা হলেও অনেক জায়গায় অস্বাভাবিক নদীভাঙনের জন্য অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালু তোলাই মূল কারণ। কেরানীগঞ্জে ভাঙনের শিকার দুটি গ্রামের মানুষ এভাবে বালু তোলায় বাধা দিতে গিয়ে হুমকির শিকার হয়েছেন। কেননা, কাজটা করে আসছিলেন ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত লোকজন। লোভের গ্রাস কতটা দুর্ধর্ষ হয়ে উঠলে এভাবে শত শত বাড়িঘর ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায়!
কোথাও নদী ভরাট, আবার কোথাও বালু তোলার ব্যবসা, নদী ও এর তীরবর্তী জনপদের ব্যাপক ক্ষতিসাধন করছে। পটুয়াখালীতে বালুদস্যুদের বেপরোয়া খনন ও উত্তোলনের ফলে এমনকি নদীগর্ভে থাকা সাবমেরিন কেব্ল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এ মাসের সেই ঘটনায় দেশের ইন্টারনেট সরবরাহ ধীর হয়ে পড়ে।
কেরানীগঞ্জের ধলেশ্বরী ও কালীগঙ্গা নদী এ ধরনের বিপর্যয়কর বালু ব্যবসার সাম্প্রতিক উদাহরণ। এর আগে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জের ভেতর দিয়ে প্রবাহিত মেঘনা নদীর তীর ও চরের জমি কেটে নেওয়ায় কৃষকের ফসলি জমি ও বসতি তলিয়ে যাওয়া নিয়ে সংবাদ হয়েছিল। চিন্তার বিষয় হলো ঢাকার কাছে কেরানীগঞ্জেই যদি বালুদস্যুরা এমন বেপরোয়া হয়, দূরের জায়গাগুলোতে তাহলে অবস্থা কী! আরও উদ্বেগের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের পরিচয়ে এসব ঘটায় জনপ্রতিনিধিরা জনগণের বদলে দুর্বৃত্তদেরই পক্ষ নেন। কেরানীগঞ্জে যাঁদের বাড়িঘর তলিয়ে গেছে, তাঁরা প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনকে তাঁরা ডেকেও পাশে পাননি। এদিকে নদীভাঙন কিন্তু চলছেই। নদী থেকে বালু উত্তোলনের নীতিমালার লঙ্ঘন তদারকির কি কেউ নেই?
প্রথম আলোর বৃহস্পতিবারের সংবাদ থেকে জানা যাচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা পরিদর্শনে গেছেন এবং আগামী অক্টোবর মাস থেকে নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণকাজ শুরু হবে। কিন্তু যত দিন অবৈধভাবে বালু উত্তোলন চলবে, তত দিন এসব বাঁধ অক্ষত ও নিরাপদ থাকবে না। সমস্যার গোড়ায় হাত না দিয়ে এভাবে পানিতে টাকা ঢালা কী ধরনের সুশাসন?