কেলেঙ্কারির হোতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক থেকে দুই হাজার ৬৬০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর সহযোগী তুষার আহমেদ গ্রেপ্তার এড়াতে যেভাবে পালিয়ে বেড়াচ্ছিলেন, তাতে তাঁদের অপরাধী মানসিকতাই প্রকাশ পেয়েছে। গত রোববার রাতে মিরপুরের একটি তালাবদ্ধ বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। কেলেঙ্কারির মূল হোতা ধরা পড়ার পর এখন সরকারের দায়িত্ব, এর সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের পাকড়াও করে বিচারে সোপর্দ করা।তানভীর মাহমুদের গ্রেপ্তারের খবর আমাদের যেটুকু স্বস্তি দেয়, তার চেয়ে বেশি অস্বস্তি দেয় গ্রেপ্তার এড়াতে প্রভাবশালী মহলে তাঁর তদবিরের খবরটি। গত মে মাসে প্রথম আলোয় হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ফাঁস এবং তা নিয়ে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টির পরও এই লোক কীভাবে প্রভাবশালী মহলে তদবির চালাতে পারেন? কারা সেই প্রভাবশালী মহল? সরকারের ভেতরের বা বাইরের হোক, এ ধরনের প্রভাবশালী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে হবে। অন্যথায় অপরাধীরা যেমন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবেন, তেমনি ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া টাকাও উদ্ধার করা কঠিন হবে। অতএব, সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব, কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। প্রয়োজনে আইন পরিবর্তন করতে হবে। কেননা, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে যেভাবে হলমার্ক বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে, তা কোনোভাবেই আর্থিক অনিয়মের সংজ্ঞায় পড়ে না। এটি নির্ভেজাল জালিয়াতি। জালিয়াতির হোতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলার পাশাপাশি হাতিয়ে নেওয়া অর্থ আদায়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যে লোক দাবি করেছেন, ব্যাংক থেকে নেওয়া টাকার ২০ গুণ সম্পদ তাঁর আছে, তাঁকে অর্থ ফেরত দিতে সময় দেওয়ার যুক্তি নেই। প্রয়োজনে তাঁর স্থাবর-অস্থাবর সমুদয় সম্পত্তি জব্দ করতে হবে। দেরি করলে অনেক জটিলতা বাড়বে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আটক দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন। হাতিয়ে নেওয়া অর্থ কোথায় আছে, সেই তথ্য তাঁদের কাছ থেকে বের করা জরুরি। যদি সেই অর্থ বিদেশে পাচার করা হয়ে থাকে, তা হলে তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করতে হবে। আমরা আশা করব, কোনো চাপের কাছে দুদক নতিস্বীকার করবে না। গত পৌনে চার বছরে দুদক ভালো কিছু করে দেখাতে পারেনি। এ মামলাটি তাদের জন্য অগ্নিপরীক্ষা হতে পারে। সরকার দাবি করছে, তারা প্রতিটি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। দেশবাসী এখন সেই দাবির বাস্তবায়ন দেখতে চায়। দেশের বৃহত্তম এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিরা কঠিন শাস্তি পেলে ভবিষ্যতে কেউ দুর্নীতি করার সাহস পাবে না।