কোরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যস্ততা বাড়ছে। এর সমান্তরালে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর দৌরাত্ম্যও যে বাড়বে, অন্যান্য বছরের অভিজ্ঞতা থেকে এমন আশঙ্কা জাগে। ডাকাত দলের কবলে পড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই গরু ব্যবসায়ীর প্রাণ হারানোর দুঃসংবাদটি এ আশঙ্কাকে বাস্তব করে তুলেছে।

গতকালের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জের কাটাখালী হাওয়াখানা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশের একটি কলাখেত থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে ওই দুই ব্যক্তি একটি ট্রাকে করে পাঁচটি গরু নিয়ে ঢাকার দিকে আসার সময় ডাকাত দলের কবলে পড়েন। পুলিশ বলছে, তারা ট্রাকটির চালককে গ্রেপ্তার করেছে এবং চালক স্বীকার করেছেন যে তাঁর সহযোগিতায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই দুই গরু ব্যবসায়ীকে হত্যা করে তাঁদের গরু ও টাকাপয়সা লুটে নিয়ে গেছে। ট্রাকের চালক ও সহযোগীর বেশে ডাকাত দলগুলোর অনেক সদস্য এই কোরবানির মৌসুমে তৎপর হয়ে উঠেছে—ওই ট্রাকচালকের বরাতে পুলিশের কাছে এই তথ্যও পাওয়া গেল।
তাহলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর আশু দায়িত্ব হচ্ছে দেশজুড়ে জোরালো অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলগুলোকে দমন করা, যাতে করে গোবিন্দগঞ্জের এই নৃশংস ডাকাতির মতো ঘটনা আর ঘটতে না পারে। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কোরবানির পশু আনা-নেওয়া যেহেতু বাড়বে, তাই সড়ক-মহাসড়কগুলোতে নিরাপত্তা বাড়াতে বাড়তি উদ্যোগ নিতে হবে।
গ্রেপ্তারকৃত ট্রাকচালক দুই গরু ব্যবসায়ীর হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী তাঁর তিন সহযোগীর নাম বলেছেন বলে পুলিশ জানিয়েছে। এখন পুলিশের আশু দায়িত্ব অবিলম্বে তাদের গ্রেপ্তার করা। হত্যাকারীরা ধরা না পড়লে ডাকাত দলগুলো আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
কোরবানির পশু ব্যবসায়ীদের ডাকাত দলগুলোর হাত থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি ঘাটে ঘাটে নানা ধরনের চাঁদাবাজি থেকেও তাঁদের রক্ষা করার উদ্যোগ নেওয়া জরুরি।