কোরবানির পশুর চামড়ার দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর চামড়া নিয়ে এবারের আসন্ন কোরবানির ঈদের সময় একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। কারণ, কোরবানির চামড়ার দাম নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতভেদ রয়েছে। কোনো পক্ষ চামড়ার দাম নির্ধারণ করে দেওয়ার পক্ষে, আবার কোনো পক্ষ বিরুদ্ধে। এ ব্যাপারে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে না আসতে পারলে বিশৃঙ্খলা এড়ানো যাবে না।
ট্যানারি মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁদের কাছে গত বছরের অনেক চামড়া মজুত রয়েছে। তাই এ বছর তাঁরা চামড়ার দাম নির্ধারণ করে দিতে চাইছেন না। তাঁদের ইচ্ছা, যাঁদের দরকার তাঁরা কিনবেন, যাঁদের দরকার নেই তাঁরা কিনবেন না। দুই বছর ধরে চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ট্যানারি মালিকদের বক্তব্য হচ্ছে, এতে খুব একটা কাজ হয়নি, বেঁধে দেওয়া দামের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। অন্যদিকে, আড়তদারদের পক্ষ থেকে বলা হচ্ছে, দাম নির্ধারণ না করে দিলে তা পাচারের আশঙ্কা থাকে। আর তাতে মানুষ চামড়ার যথাযথ দাম পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেবে। চামড়াশিল্পের সঙ্গে জড়িত দুটি পক্ষের ভিন্ন অবস্থান এই খাতে একধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
এই পরিস্থিতিতে চামড়া ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী শিল্প খাত সমস্যায় পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে যে মন্দাভাব লক্ষণীয় হয়ে উঠেছে, তার প্রভাবে অনেক পণ্যের দাম কমে যেতে পারে এবং বাংলাদেশের পাদুকাশিল্প, বিশেষ করে যারা রপ্তানি করে, তারা বিশেষ চাপে পড়তে পারে। এমন একটি পরিস্থিতিতে সঠিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি খুবই জরুরি। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যে আগে যখন চামড়ার দাম নির্ধারিত ছিল না, তখন এ নিয়ে নানা জটিলতা হয়েছে। আর দাম নির্ধারিত না থাকলে সাধারণ মানুষ চামড়া বিক্রির ক্ষেত্রে যে সমস্যায় পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।
আমরা আশা করব, কোরবানির ঈদের আগে এ নিয়ে সব বিভ্রান্তি দূর হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে, সেটাই প্রত্যাশিত।