কোরবানির পশুর বর্জ্য অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের দুই মেয়র ঈদুল আজহার এক দিন পরেই পৃথকভাবে সংবাদ সম্মেলন ডেকে দাবি করেছেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁরা সফল হয়েছেন। মহানগরের বাসিন্দারাও দেখছেন, এ বছর পশু কোরবানি-পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতার চিত্র আগের বছরগুলোর তুলনায় ভালো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক দাবি করেছেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য যে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার আগেই, ২৭ ঘণ্টার মধ্যে তাঁর সিটি করপোরেশন এলাকার বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। আর ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, তাঁর সিটি করপোরেশনের আওতায় ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়েছে, এর মধ্যে ১৬ হাজার মেট্রিক টন অপসারণ করা হয়েছে। উভয় মেয়র যে বিষয়টি উল্লেখ করেছেন, তা হলো বর্জ্য অপসারণে জনগণের সহযোগিতা। জনগণের সচেতনতার কারণেই মূলত বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সহজ হয়েছে।
বর্জ্য অপসারণে সফল হওয়ার দাবি ঢাকার দুই মেয়রেরএর দ্বারা প্রমাণিত হলো, পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সিটি করপোরেশন কর্তৃপক্ষের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, জনগণের সক্রিয় সহযোগিতাও বিশেষভাবে প্রয়োজন। আবার এটাও বলা দরকার যে সিটি করপোরেশন কর্তৃপক্ষের তরফে জোরালো তৎপরতার অভাব থাকলে শুধু জনসাধারণের সদিচ্ছা বর্জ্য অপসারণে ফলপ্রসূ হতে পারে না।
তবে শুধু কোরবানির পশুর বর্জ্য অপসারণ করলেই সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতা আসে না। মহানগরের অনেক পাড়া-মহল্লার অলিগলির বাতাসে এখনো দুর্গন্ধ রয়েছে। কোরবানির পশুর মলমূত্র, রক্ত, আন্ত্রিক উচ্ছিষ্ট ইত্যাদি সরিয়ে ফেললেই বাতাস নির্মল হয় না, ধোয়ামোছারও প্রয়োজন হয়। অনেক অলিগলিতে এখনো শুকনো রক্ত জমাট বেঁধে রয়েছে। তা ছাড়া, যেসব নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসেছিল, সেগুলো এখনো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়নি।
কোরবানির পশুর বর্জ্য অপসারণে এবারের সাফল্যে স্বস্তির কারণ আছে, কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষের আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতার বোধ সংস্কৃতির অংশ, এটাকে স্থায়ী রূপ দিতে উভয় সিটি করপোরেশনকে সব সময় তৎপর থাকতে হবে।