মানুষ মানুষের জন্য—এই বার্তা নিয়েই বাংলাদেশে এসেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। ২০১৬ সালে তিনি ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ বা ১০ কোটির জন্য ১০ কোটি নামে যে প্রচারাভিযান শুরু করেছেন, এর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ত হওয়া যেমন আনন্দের, তেমনি মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দেয়।
রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে রোববার আয়োজিত অনুষ্ঠানে কৈলাস সত্যার্থী বলেছেন, ‘সারা বিশ্ব দেখছে বাংলাদেশ পিছিয়ে নেই। এ দেশের তরুণদের পৃথিবীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে।’ তাঁর এই আশাবাদ–সঞ্চারী বক্তব্য নিঃসন্দেহে আমাদের তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। অতীতে বাংলাদেশে যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, তরুণেরা নেতৃত্ব দিয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ও তরুণদের স্বাবলম্বী এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজেও তারা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম।
অনুষ্ঠানে কৈলাস সত্যার্থী ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিশুশ্রম নিরসনে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ পাঠ করান এবং তারা সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করবে বলে অঙ্গীকার করে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বে ১০ কোটি শিশু-তরুণ শিক্ষা ও ভালো শৈশব থেকে বঞ্চিত। তোমরা ছাড়া এদের হয়ে কে কথা বলবে? তোমাদের মতো ১০ কোটি তরুণ অপেক্ষা করছে সমাজকে কিছু দেওয়ার জন্য।’ কেবল শিক্ষার্থী নয়, এই সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের সুবিধাপ্রাপ্ত সব শ্রেণি ও পেশার মানুষেরই দায়িত্ব রয়েছে।
এই যে দেশে দেশে ধর্মে ধর্মে বিরোধ চলছে, যুদ্ধবিগ্রহের ঘটনা ঘটছে, এর জন্য শিশুরা দায়ী না হলেও তারা তার শিকার হচ্ছে। তাই প্রত্যেক শিশুর নিরাপদ ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব আমাদেরই। বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান কৈলাস সত্যার্থীর উদ্যোগের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ায় তাদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে শিশু-কিশোর-যুবকদের নিয়ে কাজ করা অন্যান্য সংগঠনও ভবিষ্যতে যুক্ত হবে আশা করি। কৈলাস সত্যার্থীর উদ্যোগ সফল হোক। প্রত্যেক শিশুর নিরাপদ ঠিকানা হোক এই পৃথিবী।